প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৬:৪৬ পিএম (ভিজিট : ০)

X
ছবি: প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাই ইকোনমিক জোনে নির্মাণাধীন একটি কারখানায় ডাকাতির ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত প্রায় ২৫০ মিটার বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) ভোরে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রাকিব (২১), মেহেদী হাসান (২৩), সুজাউল হক প্রকাশ সুজা উল্লাহ (২৪), মো. সাখাওয়াত হোসেন প্রকাশ নাহিদ (২৪), ইউসুফ (২৬), এমদাদুল হক প্রকাশ এমরান (২৮) ও মিজান উদ্দিন (৩২)। তাদের সবার বাড়ি জোরারগঞ্জের বিভিন্ন এলাকায়।
পুলিশ জানায়, গত ৯ আগস্ট দিবাগত রাত ২টার দিকে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ফ্যাক্টরিতে নিয়োজিত সিকিউরিটি গার্ডের ৩টি মোবাইল ফোন, ২৫০ মিটার বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, অর্থনৈতিক অঞ্চল এলাকায় একটি নির্মাণাধীন ফ্যাক্টরিতে ডাকাতির ঘটনায় অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তারের পাশাপাশি লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।