প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৭:৩৭ পিএম (ভিজিট : ৩)

X
ওসমানীনগরে জিপিএ-৫ পেল ৩৫ শিক্ষার্থী
সিলেটের ওসমানীনগরে এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাঃ বদিউজ্জামান আহমদ স্বাক্ষরিত প্রকাশিত ফলাফল বিবরণীতে এ তথ্য জানানো হয়।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, চলতি বছর উপজেলার মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় পাসের হার ৫১ দশমিক ০২ শতাংশ। অন্যদিকে, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় পাসের হার ৫১ দশমিক ৯৬ শতাংশ।
উপজেলায় এ বছর এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষায় মোট ২ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১ হাজার ৫৭৩ জন উত্তীর্ণ হয়েছে। সব মিলিয়ে ৩৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ+) অর্জন করেছে।
মাধ্যমিক বিদ্যালয়গুলো থেকে এ বছর মোট ১ হাজার ৯০৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১ হাজার ১৭১ জন উত্তীর্ণ হয়েছে এবং ২৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার ১১টি মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় মোট ৭১২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৩৭০ জন উত্তীর্ণ হয়েছে। এ পর্যায়ে ৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
এদিকে, ভোকেশনাল শাখায় গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে মোট ৪৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ৩২ জন উত্তীর্ণ হয়েছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৭১ দশমিক ১১ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটির পাসের হার ৮৮ দশমিক ৭৮ শতাংশ এবং একজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
অন্যদিকে, সংখ্যাগত দিক থেকে সর্বোচ্চ জিপিএ-৫ অর্জন করেছে মজলচণ্ডী নিশীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটির ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
মাদরাসা পর্যায়ে পাসের হারে শীর্ষে রয়েছে খাদিমপুর কাঠালখাইড় হাফিজিয়া দাখিল মাদরাসা। প্রতিষ্ঠানটির পাসের হার ৮৮ দশমিক ৪২ শতাংশ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা বলেন, “অন্যান্য উপজেলার তুলনায় আমাদের উপজেলায় ফলাফল ভালোই হয়েছে। আশা করি, আগামীতে আরও ভালো ফলাফল হবে।”