প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১১:৪২ এএম (ভিজিট : ০)

X
সংগৃহীত ছবি
গানের প্রতি ভালোবাসার কারণে অস্ত্রোপচারের সময়ও গান থামালেন না ভারতের জনপ্রিয় গায়ক সোনু নিগম। অস্ত্রোপচার চলাকালীন চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী মোহাম্মদ রফির জনপ্রিয় গান শুনিয়েছেন তিনি।
সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সাধারণত অস্ত্রোপচারের আগে বা সময় রোগীদের মধ্যে উদ্বেগ কাজ করে। তবে সোনু নিগমকে দেখা গেছে ভিন্ন ভূমিকায়। শারীরিক অস্বস্তির মধ্যেও গান গেয়ে নিজেকে স্বাভাবিক রাখার পাশাপাশি চিকিৎসক ও চিকিৎসাকর্মীদেরও আনন্দ দিয়েছেন তিনি। হাসপাতাল থেকে প্রকাশিত ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে সোনু লিখেছেন, ‘যন্ত্রণার মধ্যেও গান।’
ভিডিওতে সোনুর কণ্ঠে শোনা যায় ১৯৪৯ সালে মুক্তি পাওয়া ‘দুলারি’ সিনেমার জনপ্রিয় গান ‘সুহানি রাত ঢল চুকি’। অস্ত্রোপচার চলাকালীনও তার কণ্ঠে গান শুনে চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের মধ্যে ভিন্ন এক পরিবেশ তৈরি হয়।
সোনুর এই ইতিবাচক মনোভাব ও মানসিক দৃঢ়তার প্রশংসা করেছেন তার ভক্তরা। অনেকেই মনে করছেন, কঠিন সময়েও সংগীত কীভাবে মানুষকে স্বস্তি ও মানসিক শক্তি দিতে পারে, তারই উদাহরণ এই ঘটনা। তবে কী ধরনের অস্ত্রোপচার করা হয়েছে, সে বিষয়ে কিছু জানাননি সোনু নিগম।