প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১:৩৭ পিএম আপডেট: ১১.০৮.২০২৬ ১:৪৪ পিএম (ভিজিট : ৩)

X
ছবি: প্রতিনিধি
ঝালকাঠি সদর হাসপাতাল থেকে ৬০ বছর বয়সী এক নারীকে খাবার খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. বেলাল সিকদার ও মো. নাসির মল্লিক নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে ওই নারীকে খাবার খাওয়ানোর কথা বলে বাইরে ডেকে নেওয়া হয়। পরে মোটরসাইকেলে করে তাকে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে একাধিক ব্যক্তি তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
ভোরে ওই নারী হাসপাতালে ফিরে এসে কান্নাকাটি শুরু করলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে হাসপাতালে ভর্তি করে এবং বিষয়টি ঝালকাঠি সদর থানাকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত শুরু করে।
আটক দুইজন হলেন, মো. বেলাল সিকদার, পিতা: মোবারক আলী শিকদার, গ্রাম: কৃষ্ণকাঠি, ঝালকাঠি এবং মো. নাসির মল্লিক, পিতা: ইউসুফ মল্লিক, গ্রাম: বিকনা, ইউনিয়ন: বাসন্ডা, ঝালকাঠি।
ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার জানান, ভুক্তভোগী নারী হাসপাতালের ভর্তি রোগী ছিলেন না। ঘটনার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তদন্তের স্বার্থে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।