প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১:৪৭ পিএম (ভিজিট : ০)

X
ছবি: প্রতিনিধি
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ ৬ হাজার ৩শ’ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানী পণ্য জব্দ করেছে কুমিল্লা সেক্টরের সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
মঙ্গলবার দুপুরে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম এসব তথ্য বাসস’কে জানান।
বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় কসবা, মঈনপুর, মাদলা, খাদলা, সালদানদী, শংকুচাইল ও খারেরা বিওপি’র (বর্ডার অবজারভেশন পোস্ট) পৃথক টহলদল এসব অভিযান পরিচালনা করে।
অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংকস, গরু, বাজি, সেগুন কাঠ, আকাশি কাঠ, শাড়ি, গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ ’ এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ৬ হাজার ৩শ’ টাকা।
অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম বাসস’কে জানান, সীমান্তে নিরাপত্তা জোরদার, মাদক ও চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ এবং অবৈধভাবে সীমান্ত পারাপার ঠেকাতে বিজিবি’র নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সীমান্তের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব চোরাচালানী পণ্য জব্দ করা হয়।
তিনি আরে জানান, সীমান্তে চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।