প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৭:৩৭ পিএম (ভিজিট : ১)

X
বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকায় যাত্রীবাহী বাস ও বালুভর্তি ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৮টার দিকে বানিয়াচোঁ উচ্চ বিদ্যালয় সংলগ্ন মোড়ের পাটোয়ারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রাকেশের পাড় এলাকার মৃত সফিকুল ইসলামের ছেলে ডাম্প ট্রাকের মালিক ও চালক আব্দুল ওহাব (৪৫), গাইবান্ধা সদর উপজেলার মধ্যধানগড়া বল্লমজার গ্রামের রাজামিয়ার ছেলে বাসচালক কামাল হোসেন (৪২) এবং বাগেরহাট সদর উপজেলার খোন্তাকাটা গ্রামের সালাউদ্দীন আহমেদের ছেলে ট্রাকের হেলপার শোভন (৩৫)।
গুরুতর আহতরা হলেন নীলফামারী এলাকার মৃত নোমান আলীর ছেলে মোঃ শহিদুল্লাহ (৬০), তার স্ত্রী আঞ্জুমান আক্তার (৫০) এবং রংপুরের রাধানগর এলাকার মৃত মঞ্জু মিয়ার ছেলে লিমন (২০)। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর আহতদের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মুশফিক বিন বাকের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজে রেফার করেন।
স্থানীয়রা জানান, দিনাজপুর থেকে চাঁদপুরগামী আল-আরাফাহ পরিবহনের একটি যাত্রীবাহী নৈশ কোচ বানিয়াচোঁ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আলীগঞ্জ থেকে লালমাইগামী বালুভর্তি ডাম্প ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এই দুর্ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে শাহরাস্তি মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সহযোগিতা করেন। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার কারণে মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।
শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উদ্ধার কার্যক্রমের খোঁজখবর নেন।শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, বানিয়াচোঁ এলাকায় বাস ও বালুবাহী ডাম্প ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই চালক ও একজন হেলপার রয়েছেন।