
X
সংগৃহীত ছবি
ছোটপর্দার পরিচিত জুটি খায়রুল বাসার ও সাদিয়া আয়মান। একসঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শকের কাছে প্রশংসিত হয়েছেন তারা। পর্দায় তাদের রসায়নও বেশ পছন্দ করেছিলেন দর্শক।
তবে এই জুটি জনপ্রিয় হওয়ার পর থেকেই তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে শোবিজে। দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে নানা আলোচনা হলেও এবার সেই সম্পর্ক ও বর্তমান দূরত্ব নিয়ে খোলামেলা কথা বলেছেন খায়রুল বাসার।
সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে হাজির হয়ে সাদিয়া আয়মানের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি নিয়ে কথা বলেন এই অভিনেতা। সেখানে খায়রুল স্বীকার করেন, একসময় সাদিয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তবে বর্তমানে সেই সম্পর্কের জায়গায় আর কিছুই নেই বলেই মনে করেন তিনি।
খায়রুল বাসার বলেন, ‘প্রায় তিন বছর যাবত আমাদের একসঙ্গে কাজ হয় না। তারপরও নামটা বারবার আসে। ওর (সাদিয়া আয়মান) সঙ্গে প্রেম ছিল। তখন চাইতাম এটাকে গুঞ্জন বলে উড়িয়ে দিই। তবে ভালো কিছু ভালো রাখা কঠিন হয়ে যায়। মানুষ এটাকে খুব ভালোভাবে নেয় না। সেটার প্রভাবও একটা আছে।’
অভিনেতা জানান, সাদিয়ার সঙ্গে তার প্রথম পরিচয় হয় একটি বিজ্ঞাপনের কাজের মাধ্যমে । ওই বিজ্ঞাপনের জন্য শাড়িতে বাঙালিয়ানা ফুটিয়ে তুলতে পারেন এমন একজন অভিনেত্রীর প্রয়োজন ছিল। তখন সাদিয়ার নাম প্রস্তাব করেছিলেন তিনি।
খায়রুল বলেন, ‘সাদিয়া আয়মানের সঙ্গে প্রথম দেখা হয়েছিল একটা বিজ্ঞাপনের কাজের মাধ্যমে। ওই বিজ্ঞাপনের জন্য এমন একজন মেয়ে দরকার ছিল, যাকে শাড়িতে বাঙালিয়ানা ফুটে ওঠে। এর আগে আমি তাকে ইমরাউল রাফাত ভাইয়ের একটি নাটকে একঝলক দেখেছিলাম। ওনাদের চাহিদা অনুযায়ী বিজ্ঞাপন নির্মাতা সংস্থাকে বলেছিলাম, আপনারা ওকে (সাদিয়া আয়মান) দেখতে পারেন। ওই কাজের মাধ্যমে আমাদের প্রথম সাক্ষাৎ হয়।’
প্রথম পরিচয়ের পর তাদের মধ্যে যোগাযোগ বাড়তে থাকে। তবে সেই সম্পর্ককে এখন ঠিক কী নামে অভিহিত করবেন, তা নিয়ে কিছুটা দ্বিধায় খায়রুল। তার ভাষ্য, ‘এরপর মাঝে মাঝে আমাদের কথা হতো। তবে সম্পর্কটাকে আসলে প্রেম বলা যায় কিনা, তা আমি আজও জানি না। এখন মনে হয়, আসলে আমাদের মধ্যে কিছুই ছিল না।’
এদিকে প্রায় তিন বছর ধরে পর্দায় একসঙ্গে দেখা যাচ্ছে না এই দুই অভিনয়শিল্পীকে। তাদের দূরত্বের কারণ নিয়েও ভক্তদের মধ্যে রয়েছে নানা প্রশ্ন। বিষয়টি নিয়েও অনুষ্ঠানে কথা বলেন খায়রুল। তিনি জানান, ব্যক্তিগত ও পেশাগত জীবনের ভারসাম্য রাখার পাশাপাশি দুজনের স্বাভাবিকভাবে নিজেদের কাজ করে যাওয়াটাই এখন বেশি গুরুত্বপূর্ণ। তাই একসঙ্গে কাজ না করাকেই উভয়ের জন্য ভালো মনে করছেন তিনি।
খায়রুল বাসার বলেন, ‘দর্শকদের আমাদের কথাও ভাবা উচিত। এর আগেও কয়েকটি জায়গায় বলেছি। আমার কাছে বিষয়টি একদম স্বাভাবিক মনে হয়, দুইজনের একসঙ্গে কাজ না করাই ভালো। এটা উভয়ের জন্য মঙ্গলজনক। আমাকেও স্বাভাবিকভাবে নিজের মতো কাজ করে যেতে হবে, আর তাকেও স্বাভাবিকভাবে নিজের কাজ করতে হবে। সত্যি বলতে, আমরা সম্পর্কের সেই জায়গাটা রাখিনি।’
একসময় পর্দার জনপ্রিয় জুটি হিসেবে দর্শকের আগ্রহের কেন্দ্রে থাকা খায়রুল বাসার ও সাদিয়া আয়মান এখন যে যার মতো কাজ করছেন। তবে তাদের পুরোনো রসায়ন ও সম্পর্কের গুঞ্জন যে এখনো দর্শকের কৌতূহলের বিষয়, খায়রুলের বক্তব্যে সেটিই যেন নতুন করে সামনে এলো।