প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১১:৫২ এএম (ভিজিট : ১)

X
সংগৃহীত ছবি
জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘দ্য ডিউকস অব হ্যাজার্ড’-এর অভিনেতা বেন জোনস মারা গেছেন। হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
সিরিজটিতে ‘কুটার ড্যাভেনপোর্ট’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন বেন জোনস। অভিনয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি। জর্জিয়া অঙ্গরাজ্য থেকে নির্বাচিত হয়ে মার্কিন প্রতিনিধি পরিষদে দুই মেয়াদ দায়িত্ব পালন করেন। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বেন জোনসের মৃত্যুর খবর নিশ্চিত করেন তার স্ত্রী আলমা ভিয়াটর। তিনি লেখেন, ‘আজ আমি আমার জীবনের ভালোবাসাকে হারিয়েছি। বেন একটি বড় ধরনের হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।’
আলমা ভিয়াটর জানান, মৃত্যুর সময় বেন বাড়িতেই ছিলেন এবং তার প্রিয় চেয়ারে বসে বিশ্রাম নিচ্ছিলেন। তিনি আটলান্টা ব্রেভস ও নিউইয়র্ক ইয়াঙ্কিজের ম্যাচ দেখার অপেক্ষায় ছিলেন। স্বামীর স্মৃতিচারণ করে আলমা বলেন, বেন অত্যন্ত সমৃদ্ধ ও পরিপূর্ণ জীবন কাটিয়েছেন। তিনি অনেককে ভালোবাসতেন এবং অনেক মানুষের ভালোবাসাও পেয়েছেন। তার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় বলেও জানান তিনি।
১৯৭৯ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত প্রচারিত ‘দ্য ডিউকস অব হ্যাজার্ড’ সিরিজে ‘কুটার’ চরিত্রে অভিনয় করেন বেন জোনস। চরিত্রটির মাধ্যমে তিনি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সফল ছিলেন বেন জোনস। জর্জিয়া অঙ্গরাজ্য থেকে মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়ে দুই মেয়াদ দায়িত্ব পালন করেন তিনি।