প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১২:০৩ পিএম (ভিজিট : ১)

X
সংগৃহীত ছবি
মুক্তির মাত্র তিন সপ্তাহেই বিশ্ব বক্স অফিসে এক বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়েছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’। গ্রিক কবি হোমারের কালজয়ী মহাকাব্য ‘দ্য ওডিসি’ অবলম্বনে নির্মিত সিনেমাটি প্রেক্ষাগৃহে আসে ১৭ জুলাই।
মুক্তির পর থেকেই দর্শক আগ্রহ ও ব্যবসায়িক সাফল্যে এগিয়ে চলেছে সিনেমাটি। এখন পর্যন্ত উত্তর আমেরিকার বাজারে ‘দ্য ওডিসি’ আয় করেছে ৪২৯ দশমিক ৬৫ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ৫৭৮ দশমিক ৮ মিলিয়ন ডলার। সব মিলিয়ে সিনেমাটির আয় ছাড়িয়েছে এক বিলিয়ন ডলার। নোলানের ক্যারিয়ারে এটি বিশেষ একটি মাইলফলক।
২০১২ সালে মুক্তি পাওয়া ‘দ্য ডার্ক নাইট রাইজেস’ সিনেমার পর তার আর কোনো সিনেমা এক বিলিয়ন ডলারের ঘরে পৌঁছাতে পারেনি। ফলে দীর্ঘ বিরতির পর আবারও সেই সাফল্য ফিরিয়ে আনল ‘দ্য ওডিসি’।
একই সঙ্গে সিনেমাটি দ্রুতই নোলানের সবচেয়ে বেশি আয় করা সিনেমা হওয়ার পথে। এরই মধ্যে তার জনপ্রিয় ‘দ্য ডার্ক নাইট’ ও ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এর রেকর্ড পেছনে ফেলার পথে রয়েছে এটি। তবে ‘দ্য ওডিসি’র বক্স অফিস যাত্রা এখানেই থেমে থাকছে না। এখনও বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্রের বাজার চীনে মুক্তি পায়নি সিনেমাটি। ১৪ আগস্ট চীনের কয়েক হাজার প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। ফলে চীনের বাজারে মুক্তির পর সিনেমাটির আয় আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
হোমারের মহাকাব্যের কেন্দ্রীয় চরিত্র রাজা ওডিসিয়াসকে ঘিরেই সিনেমাটির গল্প। ট্রোজান যুদ্ধ শেষে নিজের রাজ্য ইথাকায় ফেরার পথে দীর্ঘ ও বিপৎসংকুল সমুদ্রযাত্রায় বের হন তিনি। দীর্ঘ সময় ধরে সাগরে সংগ্রাম করে টিকে থাকা এবং শেষ পর্যন্ত পরিবারের কাছে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষাই হয়ে ওঠে গল্পের মূল চালিকাশক্তি। সিনেমাটিতে রাজা ওডিসিয়াসের চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। তার সঙ্গে রয়েছেন অ্যান হ্যাথাওয়ে, টম হল্যান্ড, জেন্ডায়া, রবার্ট প্যাটিনসন ও শার্লিজ থেরনের মতো তারকা।
চলতি বছরে এখন পর্যন্ত এক বিলিয়ন ডলারের বেশি আয় করা পঞ্চম সিনেমা ‘দ্য ওডিসি’। এর আগে এ তালিকায় জায়গা করে নিয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, ‘টয় স্টোরি ৫’, ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’ ও ‘মাইকেল’।