প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১২:২৪ পিএম (ভিজিট : ১)

X
পথিক নবী
দীর্ঘ ২২ বছর পর আবারও সিনেমার গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী পথিক নবী। অ্যালবামে অসংখ্য গান থাকলেও চলচ্চিত্রের গানে তুলনামূলক কমই শোনা গেছে তার কণ্ঠ। এবার নির্মাতা সৈয়দ শমসের তারিফের নির্মিতব্য সিনেমা ‘মাটি’ দিয়ে সেই বিরতি ভাঙলেন তিনি।
সিনেমাটির ‘মাটির পুতুল’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন পথিক নবী। গানটির কথা ও সুর করেছেন আবেগী জাকির, আর সংগীতায়োজন করেছেন জিমি শাহ। গত ২৭ জুলাই গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। মাটি, জীবন ও বৈরাগ্যের আবহে নির্মিত গানটি সিনেমায় নতুন এক আবেগের মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
মনের মতো না হলে গান কণ্ঠে তোলেন না পথিক নবী। ‘মাটির পুতুল’-এ কী এমন আছে— জানতে চাইলে ঢাকা মেইলকে পথিক নবী বলেন, ‘গানটির কথা ও সুর মনে ধরেছে। একটা আধ্যাত্মিক ব্যাপার আছে। মাটির ওপর আমরা দৌড়াই, হাঁটি। মাটি কেটে নেই। কত নির্মমতা দেখাই! আবার মৃত্যুর পর মাটিতে মিশে যাই। মাটি নাকি তখন আমাদের চাপ দেয়। এরকম কিছু বিষয় উঠে এসেছে। সিনেমার এন্ডিং সং। আশা করি সবার ভালো কাগবে।’
সিনেমার গানে পথিক নবীকে শেষ শোনা যায় ২০০৪ সালে। মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমায়। বিপ্লব চক্রবর্তীর কথা ও সুরে ‘মানুষ আমি আমার কেন পাখির মতো মন’ গানটি গেয়েছিলেন তিনি। জানালেন এখন থেকে নিয়মিত হবেন সিনেমার গানে।
পথিক নবী বলেন, ‘গান-ই আমার একমাত্র অবলম্বন। তাই গানেই আমার মন। এতদিন শো নিয়ে ব্যস্ত ছিলাম। এখন আবার মৌলিক গান নিয়ে ব্যস্ত হয়েছি। এরইমধ্যে কয়েকটি গানে কণ্ঠ দিয়েছি। ফোক স্টুডিও বাংলা নামের একটি অনুষ্ঠানের জন্য মান্নান মোহাম্মদের কথা ও সুরে দুটি দারুণ গান করেছি। এখন থেকে সিনেমার গানেও নিয়মিতি হওয়ার ইচ্ছা আছে।’
গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে ‘মাটি’। গল্পে দেখা যাবে মানুষের স্বপ্ন, সংগ্রাম, মাটি ও নদীর সঙ্গে একাত্ম এক জীবনযাপনের বর্ণনা। অভিনয় করেছেন রাফাহ নানজিবা তোরসা, আলভী মামুন, এম ডি ইকবাল হোসেন, মাহামুদ আলম, আশিক সরকার প্রমুখ। জানা গেছে, আগামী ডিসেম্বরে মুক্তি পেতে পারে ছবিটি।