প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৩:৪৬ পিএম (ভিজিট : ৯)

X
ছবি : প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি জমি ভরাট করে তিতাস পূর্বাঞ্চলের উপশহর স্থাপন বন্ধ করার দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে তিতাস অঞ্চল বসতভিটা, কৃষিজমি ও জলাশয় রক্ষা কমিটি ব্রাহ্মণবাড়িয়া আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি জহিরুল ইসলাম স্বপন, হুসেন আহমদ খান, মুক্তিযোদ্ধা মতিলাল বণিকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, তিতাস পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ফসলি জমি, হাওর-বিল, জলাশয় ও বসতভিটা রয়েছে। এসব জায়গা ভরাট করে অপরিকল্পিতভাবে উপশহর স্থাপন করা হলে কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি জলাবদ্ধতা ও পরিবেশগত নানা সংকট তৈরি হতে পারে।
বক্তরা আরও বলেন, উন্নয়নের নামে কোনো ভাবেই কৃষিজমি, জলাশয় ও প্রাকৃতিক সম্পদ ধ্বংস করা যাবে না। কৃষি জমিতে কোন বসত ঘর করা যাবে না। বাড়ি ঘর করবেন করেন, কৃষি জমি ভরাট করে কেন। তিতাস পূর্বাঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় উপশহর স্থাপনের অপতৎপরতা বন্ধ করে বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানান বক্তারা।
মানববন্ধনে তিতাস পূর্ব অঞ্চলের বিভিন্ন গ্রামের প্রায় তিন শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।