প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৫:৪৫ পিএম (ভিজিট : ০)

X
বিসিকের তিন সদস্যের তদন্ত দল
নীলফামারীর সৈয়দপুরে প্রশাসনের জব্দকৃত বিসিক শিল্প-নগরীর সিলগালাকৃত একটি গুদাম রাখা প্রায় দুই কোটি টাকা মূল্যের ৮৮ টন নিষিদ্ধ বালাইনাশক উধাওয়ের খবর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারের পর এ ঘটনায় বিসিকের উর্দ্ধতন কর্তৃপক্ষ তদন্তে নেমেছেন।
সরেজমিন সংবাদকর্মীরা লক্ষ্য করেন, মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিসিকের তিন সদস্যের তদন্ত দল গুদামটি ও আশপাশের এলাকা পরিদর্শন করে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করেন।
সূত্রে প্রাপ্ত তথ্যমতে, ২০২৪ সালের ২৫জুন প্রশাসনের এক অভিযানে এসিআই কোম্পানির নিষিদ্ধ ‘বিফার ৫-জি’ বালাইনাশক (কীটনাশক) জব্দ করে সিলগালা করে ওই গুদামে রাখা হয়। কিন্তু চলতি বছরের ২৯ জুলাই আদালতের নির্দেশে গুদামে রক্ষিত বালাইনাশক ধ্বংস করতে এসে সংশ্লিস্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আগত দল দেখতে পান, জব্দকৃত মালামাল সিলগালা করা গুদাম থেকে উধাও হয়ে গেছে। শুধু পড়ে আছে মাত্র ১২৩টি এক কেজির ছেঁড়া-ফাটা প্যাকেট।
উধাওয়ের ঘটনাটি প্রকাশ্যে আসার পর শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্তের নির্দেশ দেওয়ায় মঙ্গলবার (১১ আগস্ট) তদন্ত করা হয়।
তদন্ত শেষে বিসিকের পরিচালক আরিফুল হক বলেন, সার্বিক তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। এটি বিসিকের অভ্যন্তরীণ তদন্ত হওয়ায় এখনই বিস্তারিত বলা যাচ্ছেনা।