প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৫:৪৯ পিএম (ভিজিট : ০)

X
মতবিনিময় সভা
সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষা ফলাফল বিপর্যয় বিষয় নিয়ে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার শিক্ষার সার্বিক মানোন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের দক্ষ জনসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় ধনবাড়ী উপজেলা পরিষদের হলরুমে প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসার (ইউএনও) মিজ্ নূরজাহান আক্তার সাথী’র সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলার শিক্ষা ব্যবস্থার বর্তমান পরিস্থিতি,সদ্য প্রকাশিত ফলাফল বিপর্যয়, শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ, শিক্ষাঙ্গনের পরিবেশ উন্নয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় শিক্ষার্থীদের শুধু পাঠ্যবই নির্ভর শিক্ষায় সীমাবদ্ধ না রেখে তাদের নৈতিকতা, শৃঙ্খলা, সৃজনশীলতা, প্রযুক্তি ও ব্যবহারিক জ্ঞানসহ বিভিন্ন দক্ষতায় দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, একটি উপজেলার সামগ্রিক উন্নয়নের জন্য মানসম্মত শিক্ষার বিকল্প নেই। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানে ইতিবাচক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি।
ইউএনও শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের নিজ নিজ প্রতিষ্ঠানে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্ব দেন। যাতে তারা মোবাইল আসক্ত থেকে দুরে থাকে। এবং কী উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসারসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিদের কে প্রতি সপ্তাহে অন্তত ১ বার করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আকস্মিক বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ প্রদান করেন।
এসময় ধনবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ বাবুল হাছানসহ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।