প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৭:২৯ পিএম (ভিজিট : ০)

X
দেশে ফিরলেন ৩ বাংলাদেশি তরুণী
বিভিন্ন মেয়াদে কারাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারত থেকে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি তরুণী। বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা তিন নারী হলেন—নড়াইল জেলার কালিয়া থানার আব্দুর রউফের মেয়ে শিলাপি আবাদুর শাইখ ওরফে শিল্পী (৩৭), পাবনা জেলার হাসেম সরদারের মেয়ে সিমলা খাতুন (২২) এবং সাতক্ষীরা জেলার কলারোয়া থানার রফিকুলের মেয়ে রিয়া খাতুন (২৬)।
বেনাপোল ইমিগ্রেশনের ওসি ফেরদৌস হোসেন খান জানান, ফেরত আসা নারীরা দালালের খপ্পরে পড়ে ভারতে ভালো কাজের আশায় পাচারের শিকার হন। সেখানে তারা প্রায় দেড় থেকে দুই বছর বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন। পরে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরার সুযোগ পান।
তিনি আরও জানান, বেনাপোল ইমিগ্রেশনে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানার প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তিন নারীকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি বেসরকারি সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।
জাস্টিস অ্যান্ড কেয়ারের বেনাপোল প্রতিনিধি সফিকুর রহমান বলেন, দেশে ফেরা তিন নারীকে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। তাদের যশোরের শেল্টার হোমে রাখা হবে। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের পর তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
দালালের মাধ্যমে অবৈধভাবে বিদেশে পাড়ি দেওয়ার কারণে অনেক বাংলাদেশি নারী-পুরুষ বিভিন্ন সময় বিদেশে আটক ও কারাভোগের শিকার হন। দেশে ফেরার পর তাদের পুনর্বাসন ও পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট বেসরকারি সংস্থাগুলো সহযোগিতা করে থাকে।