
X
ট্রলি চালকের বাড়িতে এমপি মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনের জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান ১২ আগস্ট (বুধবার) নাচোলে দুপুরের পর থেকে নানা কর্মসূচিতে ব্যস্ত সময় পার করেছেন। দিনটিতে তিনি রেলক্রসিংয়ে দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে সমবেদনা জ্ঞাপন, মরহুমের কবর জিয়ারত, স্থানীয় ভগ্ন অবকাঠামো পরিদর্শন এবং একটি টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন, নাচোল বাসস্ট্যান্ড ওয়াক্তিয়া মসজিদের মুসল্লিদের দীর্ঘদিনের দাবির প্রতি শুতি এসি প্রদান সহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও ক্রীড়া কর্মসূচিতে অংশ নেন।
গত ৬ আগস্ট ভোর আনুমানিক ৬টার দিকে নাচোল রেলওয়ে স্টেশনসংলগ্ন দেওপাড়া রেলক্রসিং পার হওয়ার সময় এক ট্রেন দুর্ঘটনায় ট্রাঙ্ক ট্রলি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান পৌর এলাকার বান্দ্রা মহল্লার মহিবুর রহমানের ছেলে ট্রলিচালক।
এ হৃদয়বিদারক ঘটনার পর ১২ আগস্ট বিকেল সাড়ে ৩টায় নিহতের বান্দ্রাস্থ বাসভবনে যান এমপি ড. মু. মিজানুর রহমান। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন, গভীর সমবেদনা জানান এবং তাঁদের ধৈর্য ধারণ করার পরামর্শ দেন। পরবর্তীতে তিনি মরহুমের কবর জিয়ারত ও আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন।
এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন নাচোল পৌর জামায়াতের আমীর মনিরুল ইসলাম (রাসেল), সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম, সাবেক শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক সাইদুর রহমানসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি।
পরিবার পরিদর্শন শেষে এমপি ড. মিজানুর রহমান ইসলামপুর জামে মসজিদে উপস্থিত হয়ে আসরের নামাজের ইমামতি করেন এবং নামাজ শেষে স্থানীয় মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন।
এরপর তিনি পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের ইসলামপুর কবরস্থান, ঈদগাহ মাঠ, দারুস সুন্নাহ মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র ভগ্ন ও বেহাল রাস্তাটি সরেজমিনে পরিদর্শন করেন। এলাকার স্থানীয় বাসিন্দারা সড়কটি দ্রুত সংস্কারের জোরালো দাবি জানালে জনগণের দুর্দশা লাঘবে তিনি পৌর সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলামকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। এতে তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
বিকেল ৫টায় নাচোল রেলওয়ে স্টেশন মাঠে নাচোল রেলওয়ে স্টেশন ফুটবল ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত "বর্ষাকালীন মিনিবার (পা-গোলী) ফুটবল টুর্নামেন্ট-২০২৬"-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
নাচোল পৌর জামায়াতের আমীর মোঃ মনিরুল ইসলামের (রাসেল) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার উদ্বোধন ঘোষণা করেন এমপি ড. মু. মিজানুর রহমান। বহুল প্রতীক্ষিত এ ফাইনাল ম্যাচে ‘রহনপুর ক্রিকেট ক্লাব’ এবং ‘নাচোল গুঠইল ফুটবল ক্লাব’ মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক মোঃ শফিকুল আলম, মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাদিকুল ইসলাম, নাচোল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ মনিরুল ইসলাম, সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ খাইরুল ইসলাম, মোঃ দবিরুল ইসলাম, মোঃ আবদুল জলিল এবং মোঃ আবদুল হায়।
এ টুর্নামেন্টের সমাপনী আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এ দেশসেরা ক্রিকেটার হয়ে নাচোলের গৌরব ও সুনাম উজ্জ্বল করায় কৃতি ক্রিকেটার মোঃ শামীমকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, ক্রীড়া অনুরাগী ও বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।
খেলা শেষে মাগরিব নামাজ বাসস্ট্যান্ড মসজিদে মুসল্লিদের সাথে আদায় করেন এবং নামাযের ইমামতি করেন। শেষে তিনি মসজিদে তাঁর বিশেষ তহবিল থেকে প্রদান কৃত ৫ টি এসি উদ্বোধন করেন।