প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৩:৩৪ পিএম (ভিজিট : ২)

X
ছবি : প্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জে নিখোঁজের একদিন পর চাড়ালকাটা নদী থেকে তাহিবুল ইসলাম (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার নিতাই ইউনিয়নের মুশরুত পানিয়াল পুকুর বেলতলি এলাকায় চাড়ালকাটা নদী ও তিস্তা সেচ ক্যানেলের সাইফুন সংলগ্ন মোহনা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তাহিবুল ইসলাম নিতাই ইউনিয়নের নিতাই কাচারীপাড়া গ্রামের কাঠমিস্ত্রি ইদ্রিস আলীর ছেলে। স্থানীয়রা সকালে নদীর পানিতে মরদেহটি উপুড় হয়ে ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে তীরে নিয়ে আসে। এ সময় স্থানীয়রা মরদেহটি তাহিবুল ইসলামের বলে শনাক্ত করেন এবং পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।
নিহতের মা তহমিনা বেগম বলেন, তার ছেলে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি স্থানীয় একটি হোটেলে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। বুধবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন সকালে নদীতে মরদেহ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করেন তিনি।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেলা মর্গে পাঠানো হয়েছে।