প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৩:৩৬ পিএম (ভিজিট : ১)

X
ছবি : প্রতিনিধি
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় মহামান্য হাইকোর্টের নির্দেশ ও স্থিতাবস্থা অমান্য করে মামলা চলমান সম্পত্তি জোরপূর্বক দখলের পাঁয়তারার অভিযোগ উঠেছে। উপজেলার ৭নং বজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোটুভী গ্রামে এই ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী মো: আবুল হাসেম সোনাইমুড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মোটুভী গ্রামের বাসিন্দা মো: আবুল হাসেমের (৫৯) সাথে তাঁর ভাতিজা মো: মাসুদ (৪০) ও ওমর ফারুকের (৪১) দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ এই জমিটি নিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি সিভিল রিভিশন মামলা (মামলা নং- ২৭৪২/২০১৩) চলমান রয়েছে।
২০১৩ সালের ১৯ জুন মহামান্য হাইকোর্ট বিবাদমান জমির ওপর উভয় পক্ষের বিরুদ্ধে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ প্রদান করেন।
অভিযোগকারী আবুল হাসেম জানান, বিবাদীরা আদালতের তোয়াক্কা করছেন না। হাইকোর্টের স্থিতাবস্থার আদেশ বহাল থাকা সত্ত্বেও বিবাদী মো: মাসুদ ও ওমর ফারুক সহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে সাথে নিয়ে নালিশি সম্পত্তির রূপ পরিবর্তন, মাটি কাটা, ঘর নির্মাণ এবং দেওয়াল নির্মাণের পাঁয়তারা ও চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সোনাইমুড়ী থানাধীন ০৭নং বজরার মোটুভী গ্রামের ২৬৫ মৌজার সাবেক সি.এস ১৫২ এবং বর্তমানে ৫২ নং খতিয়ানভুক্ত সাবেক ৩৬৭, ৩৬৮, ৩৫৯ হালে ৭২৯, ৭২৮, ৭৩০ দাগের বাড়ি ও ভিটিসহ সর্বমোট ৮১ শতাংশ সম্পত্তি নিয়ে এই বিরোধ সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী আবুল হাসেম আদালতের নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাঁর পৈতৃক ও খরিদা সম্পত্তি রক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। দেখা যায়, ইট-বালু দিয়ে পাকা স্থাপনা নির্মাণ করছেন অভিযুক্ত মো: মাসুদ। এসময় প্রতিবেদক হাইকোর্টের আদেশ অমান্যের বিষয়ে জানতেন চাইলে তিনি এসব মানতে বাধ্য নয় বলে উদ্ধত আচরণ করেন। স্থানীয় ওয়ার্ড মেম্বার আইনের প্রতি শ্রদ্ধা রেখে কাজ বন্ধ রাখতে অনুরোধ করলে তাকেও মুঠোফোনে অকথ্য ভাষায় অপমান করা হয়।
এ বিষয়ে সোনাইমুড়ী থানা পুলিশ জানায়, অভিযোগটি খতিয়ে দেখে তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।