প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৩:৪১ পিএম (ভিজিট : ০)

X
ছবি : প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারাস্থ ঢাকা স্ট্যান্ড সংলগ্ন নিজস্ব অফিসে খুলনা বিভাগীয় প্রেসক্লাব ভেড়ামারা শাখার উদ্যোগে শুক্রবার (১৪ই আগস্ট) দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উক্ত ক্লাবের ২০ জন সাংবাদিক প্রশিক্ষণে অংশ গ্ৰহণ করেন।
প্রশিক্ষণ শেষে উন্মুক্ত আলোচনা ও সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
উক্ত ক্লাবের সভাপতি প্রভাষক সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল, উক্ত ক্লাবের উপদেষ্টা ও কুষ্টিয়া সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা-সভাপতি ও সাহিত্যিক আসমান আলী, সাথী ফুড পার্কের সিইও আব্দুল আলিম।
উক্ত ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মোমিনুজ্জামান বিদ্যুৎ, আব্দুল হাকিম সুমন, আবু ওবাইদা আল মাহাদী ও আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। সভায় সাংবাদিকতার নৈতিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, তথ্য যাচাই, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় বক্তারা বলেন, সমাজের মানুষের কাছে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সত্যতা যাচাই, নিরপেক্ষতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও অপতথ্য যাচাই না করে প্রকাশ না করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।