প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৩:৪৮ পিএম (ভিজিট : ০)

X
ছবি : প্রতিনিধি
শ্রীমঙ্গলকে আধুনিক ও আকর্ষণীয় পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, শ্রীমঙ্গলে প্রতিবছর দেশ-বিদেশের হাজার হাজার পর্যটক আসেন। পর্যটকদের সুবিধা নিশ্চিত করতে এখানকার রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা ও প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন করা হবে। পর্যটনকে কেন্দ্র করে শ্রীমঙ্গলকে আরও আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
শুক্রবার সকাল ১১টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া হাইস্কুল মাঠ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরে তিনি শ্রীমঙ্গল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় মন্ত্রী বলেন, চলতি অর্থবছরের মধ্যে পাঁচটি সিটি করপোরেশনসহ দেশের সব স্থানীয় নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
শ্রীমঙ্গলের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনকালে প্রতিমন্ত্রী পৌরসভার হরিজন সম্প্রদায়ের জন্য নির্মিত সাততলা আবাসন প্রকল্পের ভবন পরিদর্শন করেন। ভিক্টোরিয়া হাইস্কুল মাঠে ওয়াকওয়ে নির্মাণের উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন। পাশাপাশি ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা শ্রীমঙ্গল শিশু উদ্যানকে শিশুদের খেলাধুলা ও বিনোদনের উপযোগী একটি আধুনিক পার্ক হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
এর আগে তিনি উপজেলার মোহাজিরাবাদ এলাকার একটি সড়ক নির্মাণকাজ পরিদর্শন করেন। পরে ভিক্টোরিয়া হাইস্কুল মাঠের পাশে একটি গোলাপজাম গাছের চারা রোপণ করেন।
শ্রীমঙ্গল পৌরসভার দীর্ঘদিনের সমস্যা ময়লার ভাগাড়ও পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি দ্রুততম সময়ের মধ্যে ময়লার ভাগাড়টি অন্যত্র স্থানান্তরের আশ্বাস দেন।
পরিদর্শন ও মতবিনিময়কালে স্থানীয় সংসদ সদস্য হাজি মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক ভিপি মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুর রহমান ময়ূন, বিসিবির পরিচালক সরফরাজ আহমেদ সরফু, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকীসহ স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।