
X
বদরগঞ্জে পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রংপুরের বদরগঞ্জ পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩০৮ মহিলা আসন-৮-এর সংসদ সদস্য, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা।
শনিবার (১৫ আগস্ট) বেলা ২.৩০ মিনিটে, বদরগঞ্জ উপজেলা মিলনায়তন হলরুমে, পৌর বিএনপির সভাপতি মোঃ কমল লোহানীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম রসুল বকুলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলী সরকার, রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম এবং রংপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বদরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ কাজী খয়রাত হোসেন।
সভায় বক্তারা বদরগঞ্জের সার্বিক উন্নয়ন ও দলীয় কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিঠু বলেন, আমরা বিগত ১৭ বছর ধরে লাঞ্ছিত ও বঞ্চিত হয়েছি। সেক্ষেত্রে পৌরসভার দেখভাল আমরাই করব। যেকোনো সুযোগ সুবিধা আমাদের দলীয়দের অগ্রাধিকার আগে।
বদরগঞ্জের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম রসুল বকুল বলেন, পৌরসভার প্রায় ৮০ ভাগ মানুষ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। বদরগঞ্জবাসীর সুবিধার জন্য দ্রুত একটি বাইপাস সড়ক এবং আধুনিক রেলওয়ে স্টেশন নির্মাণ করা প্রয়োজন।
এ সময় তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বদরগঞ্জ ও তারাগঞ্জকে কাঙ্ক্ষিত উন্নয়নের মহাসড়কে এগিয়ে নিয়ে যাবেন। পৌর বিএনপির সভাপতি কমল লোহানী বলেন, বদরগঞ্জ উপজেলায় বাইপাস সড়ক, শ্যামপুর চিনিকল পুনরায় চালু,বদরগঞ্জ রেলওয়ে স্টেশনে ওভারব্রিজ, মহিলা ডিগ্রি কলেজকে সরকারি করন, বদরগঞ্জ বহু মুখী উচ্চ বিদ্যালয়কে সরকারি করনের দাবি জানিয়েছেন।
এসময় প্রধান অতিথি এমপি সাকিলা ফারজানা প্রধানমন্ত্রী ও অর্থ মন্ত্রীর সাথে কথা বলে বিষয়গুলো অতি দ্রুত সমাধান করবেন বলে জানিয়েছেন। সেই সাথে তিনি মহিলা ডিগ্রি কলেজকে আগামী তিন মাসের মধ্যে জাতীয় করণের আশ্বাস দেন। তাছাড়াও বদরগঞ্জের সার্বিক উন্নয়নকল্পে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।
পৌর এলাকায় উদীয়মান বিভিন্ন সামাজিক সমস্যা তুলে ধরে বিশেষ অতিথি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকার বলেন, বর্তমানে বদরগঞ্জ পৌরসভায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে,যা দ্রুত দমন করা প্রয়োজন। এই কিশোর গ্যাংদের নিয়ন্ত্রণ না করলে আগামী পৌরসভা নির্বাচনকে প্রভাবিত করবে বলে তিনি তার বক্তব্যে জানান। তাছাড়াও বক্তারা উপজেলায় অবৈধ বালু উত্তলন, মাদক কারবারী, জুয়া, নানা অনৈতিক কাজ,অনিয়ম, দুর্নীতির বিভিন্ন দিক তুলে ধরেন।
উক্ত মতবিনিময় সভায় বদরগঞ্জ পৌর বিএনপি ও স্থানীয় অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।