
X
অ্যাডভোকেট সৈয়দ মোঃ আবু জাফর (রেজবী)
পটুয়াখালীর দশমিনা উপজেলার আদমপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি পদে পরিবর্তন আনা হয়েছে। সাবেক সভাপতি আবু সালেহ মোহাম্মদ মহিউদ্দিনকে পরিবর্তন করে তাঁর স্থনে অ্যাডভোকেট সৈয়দ মোঃ আবু জাফর (রেজবী) কে সভাপতি হিসেবে মনোনয়ন দিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়।
রোববার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ. কে. মুহা. নুরুল ইসলাম স্বাক্ষরিত ওই আদেশে সভাপতি পদে পরিবর্তনের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
মাদ্রাসা সূত্রে জানা যায়, এর আগে অনুমোদিত ১৫ সদস্যের গভর্নিং বডিতে সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নেছার উদ্দিনের আপন বড় ভাই আবু সালেহ মোহাম্মদ মহিউদ্দিন। একই কমিটিতে অধ্যক্ষের পরিবারের আরেক সদস্য তহমিনা বেগম শিক্ষক প্রতিনিধি হিসেবে ছিলেন বলে জানা গেছে।
এ নিয়ে স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকদের একটি অংশের মধ্যে আলোচনা ও সমালোচনা তৈরি হয়। তাঁদের অভিযোগ, গুরুত্বপূর্ণ পদগুলোতে একই পরিবারের একাধিক সদস্য থাকায় দীর্ঘদিন ধরে মাদ্রাসার পরিচালনায় একটি নির্দিষ্ট পরিবারের প্রভাব ও কর্তৃত্ব তৈরি হয়েছিল। একই সঙ্গে ওই পরিবারের কয়েকজন সদস্যের জামায়াতের সাথে রাজনৈতিক সম্পৃক্ততা রয়েছে বলেও স্থানীয়দের কেউ কেউ অভিযোগ করেন। তবে এসব অভিযোগের স্বতন্ত্র সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
স্থানীয়দের আরও অভিযোগ, মাদ্রাসাটিতে অধ্যক্ষের কয়েকজন আত্মীয়-স্বজন বিভিন্ন পদে চাকরি করছেন। তাঁদের দাবি, এ কারণে প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রমে পারিবারিক প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হয়েছে।
অভিযোগের বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নেছার উদ্দিন বলেন, তাঁর আপন ভাই আবু সালেহ মোহাম্মদ মহিউদ্দিন আগে গভর্নিং বডির সভাপতি ছিলেন। ফেসবুকে নতুন সভাপতি নিয়োগের একটি প্রজ্ঞাপন দেখেছেন, তবে এখনো তিনি চিঠি হাতে পাননি। নিজের আত্মীয়-স্বজনের চাকরির বিষয়ে অধ্যক্ষ বলেন, তাঁরা যোগ্যতা অনুযায়ী চাকরি করতে পারেন এবং এতে তিনি কোনো অপরাধ দেখেন না। এ বিষয়ে বিস্তারিত কথা বলতে হলে সামনাসামনি কথা বলতে হবে বলেও জানান তিনি।
অন্যদিকে নতুন সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোঃ আবু জাফর (রেজবী) বলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের মাধ্যমে তাঁকে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি করা হয়েছে। তিনি বলেন, অতীতে বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানটির সভাপতি পদে একাধিক ব্যক্তি দায়িত্ব পালন করেছেন এবং তাঁদের সময়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ছিল। তবে তিনি দায়িত্ব নিয়ে প্রতিষ্ঠানটি সুন্দর ও সফলভাবে পরিচালনার চেষ্টা করবেন।
তিনি আরও বলেন, স্থানীয়দের কেউ কেউ মাদ্রাসাটিকে পারিবারিক প্রভাবমুক্ত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। দায়িত্ব পালনের সময় যদি কোনো অনিয়ম বা স্বজনপ্রীতির প্রমাণ পাওয়া যায়, তাহলে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে লিখিত সুপারিশ করা হবে।
সৈয়দ মোঃ আবু জাফর (রেজবী) ঢাকার আদালত অঙ্গনের একজন সুপরিচিত আইনজীবী। তিনি সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ল’ অ্যালামনাইয়ের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবং বর্তমানে সাউথইস্ট ইউনিভার্সিটি কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (অতিরিক্ত পিপি) হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
এদিকে নতুন সভাপতি হিসেবে তাঁর মনোনয়নের পর স্থানীয় বিএনপি নেতাকর্মী, সাধারণ জনগণ ও আইন অঙ্গনের অনেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।