প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১:০২ পিএম (ভিজিট : ০)

X
ছবি : প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপ চালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর পুলিশ সময়মতো ঘটনাস্থলে না আসার অভিযোগ তুলে নিহতের মরদেহ সড়কে রেখে মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। এতে পাবনা-নগরবাড়ি মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৪টার দিকে পাবনা-নগরবাড়ি মহাসড়কের পাটধারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পিকআপ চালকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে পাটধারী বাজার এলাকায় একটি ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে পড়ে থাকেন। স্থানীয়রা হাটিকুমরুল হাইওয়ে থানায় একাধিকবার ফোন করে দুর্ঘটনার খবর দেন বলে দাবি করেন। তবে তাদের অভিযোগ, দীর্ঘ সময় অপেক্ষার পরও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি।
স্থানীয়দের অভিযোগ, পুলিশ সময়মতো ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করলে তাকে বাঁচানো সম্ভব হতো। পুলিশের এমন ভূমিকার প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে নিহতের মরদেহ সড়কে রেখে অবরোধ শুরু করেন তারা।
অবরোধকারীরা বলেন, ‘দুর্ঘটনার পর আমরা একাধিকবার পুলিশকে ফোন করেছি। কিন্তু তারা ঠিক সময়ে আসেনি। পুলিশ সময়মতো এলে চালককে উদ্ধার করে বাঁচানো সম্ভব হতো। এর জবাব না পাওয়া পর্যন্ত আমরা সড়ক ছাড়ব না।’
মহাসড়ক অবরোধের কারণে পাবনা-নগরবাড়ি মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালকেরা ভোগান্তিতে পড়েছেন।
তবে পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ডিউটি অফিসার সানোয়ার হোসেন। তিনি বলেন, ‘জরুরি সেবার মাধ্যমে খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি।’
শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত পিকআপ চালকের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার কারণ এবং পুলিশের ঘটনাস্থলে পৌঁছাতে দেরির অভিযোগ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।