প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৯:২২ পিএম (ভিজিট : ১২৬)

X
সিরাজগঞ্জের তিনটি সংসদীয় আসনে যাচাই-বাছাই শেষে ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আমিনুল ইসলাম এসব মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনে মোট সাতটি মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। যাচাই-বাছাইয়ে স্বাক্ষরে ত্রুটি ও কাগজপত্রে গরমিল থাকায় নাগরিক ঐক্যের প্রার্থী নাজমুস সাকিব এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুরের মনোনয়নপত্র বাতিল করা হয়।
সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদরের একাংশ ও কামারখন্দ) আসনে সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
ঋণখেলাপির কারণে জনতার দলের প্রার্থী সোহেল রানার এবং কাগজপত্রে গরমিল থাকায় কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী আনোয়ার হোসেনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
এদিকে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাইয়ে কাগজপত্রে গরমিল পাওয়ায় খেলাফত মজলিসের প্রার্থী আব্দুর রউফ সরকার ও স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস রেজা রবিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
নির্বাচন অফিস সূত্রে জানানো হয়েছে, আগামীকাল রবিবার বাকি তিনটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করা হবে।