সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকন্দগাঁতী বাসস্ট্যান্ড এলাকার দীর্ঘদিনের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে পৌরসভার অর্থায়নে পৃথক ও নিরাপদ পৌর সিএনজি স্ট্যান্ডের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকালে নবনির্মিত পৌর সিএনজি স্ট্যান্ডটির উদ্বোধন করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আফরিন জাহান।
উল্লেখ্য, মুকন্দগাঁতী বাসস্ট্যান্ড বেলকুচি উপজেলার জনগণের দুর্ভোগের আরেক নাম। এখানে মাত্র এক মিনিটের রাস্তা পার হতে ঘণ্টার পর ঘণ্টা সময় লেগে যেত। ফলে জরুরি রোগী নিয়ে চলাচলকারী অ্যাম্বুলেন্স সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পারায় অনেক সময় রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়েছে। রাস্তার ওপর অবৈধ লোড-আনলোড, প্রধান সড়কের ওপর সিএনজি স্ট্যান্ড স্থাপন এবং বেপরোয়া ও অনিয়ন্ত্রিত অটোরিকশার কারণে এলাকাটিতে প্রতিনিয়ত ভয়াবহ যানজট সৃষ্টি হতো।
এই দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধানে প্রধান সড়কের ওপর থেকে সিএনজি স্ট্যান্ড সরিয়ে পৃথক স্থানে আধুনিক ও নিরাপদ পৌর সিএনজি স্ট্যান্ড স্থাপন করা হয়েছে, যা যান চলাচল স্বাভাবিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলকুচি থানার অফিসার ইনচার্জ শেখ ফরিদ উদ্দিন, বেলকুচি উপজেলা স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা সুলতানা ইয়াসমিন, পৌরসভার প্রকৌশলী কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম মনির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য ও ইউপি সদস্য নূরুল ইসলাম তুহিন, বেলকুচি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুরুজ আলী, বেলকুচি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিমসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
নতুন এই সিএনজি স্ট্যান্ড চালুর ফলে মুকন্দগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় যানজট কমে আসবে এবং সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।