প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৭:৫৭ পিএম (ভিজিট : ৯৫)

X
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পল্লী থেকে চম্পা খাতুন (৩৫) নামের এক সৌদি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার আড়িয়া ইউনিয়নের ইউসুফপুর গ্রামে স্বামীর বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত চম্পা খাতুন ওই গ্রামের সৌদি প্রবাসী আনসার আলীর স্ত্রী।
চম্পা খাতুন এক সন্তানের জননী। তার ছেলে আনিসুর ভোলা পলিটেকনিক ইন্সটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র।
থানা পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, নিজ বাড়িতে চম্পা খাতুনের ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে থানায় খবর দেওয়া হলে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুরে মরদেহটি উদ্ধার করে। তবে, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে তা নিয়ে এলাকায় কানাঘুষা সৃষ্টি হয়েছে।
দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরের কয়েক জায়গায় আঘাতের চিন্থ থাকায় মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।