
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবকে বিএনপি চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার লক্ষ্মীপুর- ২ আসন পুনরুদ্ধারের লক্ষ্যে এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে লক্ষ্মীপুরের রায়পুরে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করেছেন কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ হিরো।
শনিবার দিনব্যাপী লক্ষ্মীপুর ২ আসনের বর্তমান বিএনপি'র প্রার্থী সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়া পক্ষে সোনাপুর ও চরমোহনা ইউনিয়নে বিভিন্ন স্থানে গিয়ে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময়, লিফলেট বিতরণ এবং পথসভা করছেন তিনি।
তিনি রায়পুর চরমোহনা ইউনিয়নের বাসিন্দা এলাকায় বিএনপির একজন তরুণ ও প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু ও উপজেলা যুবদলের আহবায়ক আকবর হোসেন আরমান প্রমুখ।
গণসংযোগকালে তিনি বলেন, বিএনপি ছাড়া এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার সুরক্ষিত নয়। তারেক রহমানই ভবিষ্যৎ বাংলাদেশের আশা ও ভরসা। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের মানুষ ধানের শীষের বিজয়ের দিকে তাকিয়ে আছে। গণসংযোগে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।