প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৯:২৫ পিএম (ভিজিট : ৫৯)

X
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-০১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৫টায় উপজেলার বিএনপির নির্বাচনী কার্যালয়ে আলোচনা সভা ও লিফলেট বিতরণের মাধ্যমে এ কর্মসূচি পালিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মো. শাকের আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মো. রিয়াজ হোসেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মো. আরিফুর ইসলাম শান্ত, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা জনি, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের মো. শাহীন মোল্লা এবং পটুয়াখালী পৌর ছাত্রদলের আহ্বায়ক আমিনুল ইসলাম।
সভাপতিত্ব করেন মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি আবুল বসার মোখলেছ ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাজমুল হোসেন।
প্রধান অতিথি মো: শাকের আহমেদ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দিতে এবং তরুণ ভোটারদের সংগঠিত করতে ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
তিনি আরও বলেন, “আলতাফ হোসেন চৌধুরী এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষায় সবসময় কাজ করেছেন। তাঁর হাতকে শক্তিশালী করতে ছাত্রদলকে গণজোয়ার সৃষ্টি করতে হবে।”
নির্বাচনী কৌশল, প্রচারণা পদ্ধতি, ভোটার সংযোগ বৃদ্ধি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার কার্যক্রম জোরদার করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
কর্মসূচিতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।