প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৬:৪০ পিএম (ভিজিট : ৭৭)

X
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এবি সিদ্দিকুর রহমান নির্বাচনী জনসভা ও শোভাযাত্রা করেছেন। বুধবার সন্ধ্যায় গফরগাঁও উপজেলার মিনি ষ্টেডিয়াম মাঠে এ জনসভার আয়োজন করে হাঁস প্রতিকের প্রার্থী আলহাজ্ব এবি সিদ্দিকুর রহমান।
এর আগে দুপুরের পর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল সভাস্থলে আসতে শুরু করে। এসময় স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের হাতে হাতে হাঁস প্রতিকের প্ল্যাকার্ড ও ফেস্টুন দেখা যায়।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা ও এবি সিদ্দিকুর রহমানের ভাতিজা মুশফিকুর রহমান বলেন, ‘আমি সেবক হতে চাই, নেতা হতে চাই না। আমি বিএনপির একজন ক্ষুদ্র কর্মী। আপনাদের সাথে থেকে একসঙ্গে কাজ করতে চাই।’
তিনি বলেন, আমার বাবা প্রয়াত ফজলুর রহমান সুলতান ছিলেন গফরগাঁওয়ের বিএনপির প্রতিষ্ঠাতা। এ আসন থেকে বিএনপির মনোনয়নে আপনাদের ভোটে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আজ তারই সন্তান আমাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। এতে আমার কোনো আক্ষেপ নেই। আপনারা আমাদের পাশে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। আমার চাচা এবি সিদ্দিকুর রহমান আমার বাবার মতো করেই সবসময় আপনাদের পাশে ছিলেন এবং আছেন। আজ তিনি হাঁস প্রতীকে নির্বাচন করছেন। আগামী ১২ ফেব্রুয়ারি হাঁস প্রতীকে ভোট দিয়ে আপনারা প্রমাণ করবেন—জনগণ আমাদের বহিষ্কার করেনি।
জনসভা শেষে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এবি সিদ্দিকুর রহমান নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ইমামবাড়ি ঈদগা মাঠে গিয়ে শেষ হয়।এছাড়াও সমাবেশ বক্তব্য রাখেন হাঁস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এবি সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।
প্রসঙ্গত, ময়মনসিংহ-১০ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য আক্তারুজ্জামান বাচ্চু। মনোনয়ন না পেয়ে এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সদ্য বহিস্কৃত সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব এবি সিদ্দিকুর রহমান।