প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৭:২১ পিএম (ভিজিট : ১৬৪)

X
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬কে সামনে রেখে সাতক্ষীরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এলাকায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। নির্বাচনী এলাকায় দায়িত্ব পালনে ১৫টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হবে। পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ ও তথ্য সংরক্ষণে ড্রোন ও বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন সদরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান।
ব্রিফিংয়ে জানানো হয়, সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ৩টি জেলা, ২১টি উপজেলা ও ১২টি সংসদীয় আসন রয়েছে। এই এলাকায় নির্বাচনকালীন সময়ে প্রায় ৩৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। উপজেলা ভেদে সর্বোচ্চ ৫ প্লাটুন পর্যন্ত সদস্য দায়িত্ব পালন করবেন।
নির্বাচনী এলাকায় বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। এছাড়াও নিরাপত্তা জোরদারে বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড মোতায়েন থাকবে বলে জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় অবৈধ পারাপার, অস্ত্র-গোলাবারুদ অনুপ্রবেশ এবং যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে চেকপোস্ট স্থাপন করে নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে ব্যাটালিয়ন সদর ও সংশ্লিষ্ট বিওপি থেকে নিকটবর্তী উপজেলাগুলোতে নিয়মিত ডমিনেশন পেট্রোল পরিচালনা করে জনমনে আস্থা বৃদ্ধিতে কাজ করছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার সব উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলে অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপনের জন্য ইতোমধ্যে রেকি সম্পন্ন করা হয়েছে।