মনোহরদীর এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আতিকুল্লাহ শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ডা. এম. এইচ. কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের জমিদাতা কাদির কিবরিয়া রূপক মোড়ল, খিদিরপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রাকিবুল ইসলাম রাকিব, খিদিরপুর ইউনিয়ন বিএনপির ৯নং ওয়ার্ড সভাপতি জনাব সফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দৌড়, লং জাম্পসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে। এছাড়াও শিক্ষার্থীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ যোগ করে।
প্রধান অতিথির বক্তব্যে ডা. এম. এইচ. কবির বলেন, খেলাধুলায় হার-জিত থাকবেই। যারা এবছর খেলাধুলায় সফল হতে পারেনি, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আগামীতে তারা অবশ্যই সফল হবে এই আশাবাদ ব্যক্ত করে তিনি শিক্ষার্থীদের মনোবল দৃঢ় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত দর্শনার্থীসহ বাংলাদেশ বুলেটিন ও যায়যায়দিন পত্রিকার মনোহরদী উপজেলা প্রতিনিধি মোঃ তাজুল ইসলাম বাদল এবং ২১ টিভির প্রতিনিধি মোঃ হিমেল মিয়া উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।