
X
সংগৃহীত ছবি
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসন (নেছারাবাদ, কাউখালী ও ভান্ডারিয়া) থেকে ‘ঘোড়া’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাহামুদ হোসেন।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ রবিবার তিনি নেছারাবাদ উপজেলার দৈহারি, সোহাগদল, উপজেলা সদর, মাহামুদকাঠি ও কুড়িয়ানা ইউনিয়নে পথসভা ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন।
গণসংযোগকালে তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া থানা জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক যুগ্ম আহ্বায়ক মো. গোলাম মোস্তফা শরীফ, ভান্ডারিয়া থানা জাতীয়তাবাদী শ্রমিক দল-এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ঘরামী, নেছারাবাদ থানা জাতীয়তাবাদী দল-এর যুগ্ম আহ্বায়ক মো. ইমাম তালুকদারসহ ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় মাহামুদ হোসেন বলেন, নেছারাবাদ উপজেলা দীর্ঘদিন ধরে পরিকল্পিত উন্নয়ন থেকে বঞ্চিত। আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যেতে পারলে তিনি অগ্রাধিকার ভিত্তিতে নেছারাবাদ উপজেলার অবকাঠামোগত উন্নয়নে কাজ করবেন। পাশাপাশি উপজেলাটির সঙ্গে জেলা শহরের যোগাযোগ ব্যবস্থা উন্নত করার উদ্যোগ গ্রহণ করবেন বলেও আশ্বাস দেন তিনি।
তিনি আরও বলেন, “নেছারাবাদ, কাউখালী ও ভান্ডারিয়ার মানুষের ন্যায্য দাবি ও আশা-আকাঙ্ক্ষা পূরণ করাই আমার প্রধান লক্ষ্য। জনগণের স্বার্থকে সর্বাগ্রে রেখে কাজ করতে চাই।”
গণসংযোগকালে নেছারাবাদের স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজকর্মী, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় মাহামুদ হোসেন বলেন, “পিরোজপুর-২ আসনের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও সুশাসনের প্রত্যাশা করে আসছে। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি আমার সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।”
স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময়কালে অনেকেই জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাহামুদ হোসেন এলাকার বাস্তব সমস্যা সম্পর্কে ভালোভাবে অবগত এবং মাঠপর্যায়ে তার সক্রিয় উপস্থিতি সাধারণ মানুষের মাঝে ইতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে। বিশেষ করে তরুণ ভোটারদের একটি বড় অংশ পরিবর্তন ও কার্যকর নেতৃত্বের প্রত্যাশা ব্যক্ত করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে পিরোজপুর-২ আসনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে স্বতন্ত্র প্রার্থী মাহামুদ হোসেন নিজেকে শক্ত অবস্থানে দেখছেন এবং বিজয় নিয়ে আশাবাদী।
গণসংযোগ কর্মসূচি শেষে তিনি বলেন, “আমি বিশ্বাস করি জনগণের রায়ই চূড়ান্ত। ইনশাআল্লাহ, ভোটারদের সমর্থনে পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হব।”