
X
পিরোজপুর-২ আসন (নেছারাবাদ-কাউখালী-ভান্ডারিয়া) থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ঘোড়া’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাহামুদ হোসেন।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ বৃহস্পতিবার তিনি নেছারাবাদ উপজেলার অবহেলিত ১নং বলদিয়া ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন।
এ সময় তিনি বলদিয়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ ডুবি, চৌদ্দরশি ও বিন্না বাজারসহ বিভিন্ন ছোট-বড় বাজারে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।
গণসংযোগকালে তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া থানা জাতীয়তাবাদী দল (বিএনপি)এর সাবেক যুগ্ম আহ্বায়ক মো. গোলাম মোস্তফা শরীফ, ভান্ডারিয়া থানা জাতীয়তাবাদী শ্রমিক দল-এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ঘরামী, এপিএস জিহাদ, নেছারাবাদ থানা জাতীয়তাবাদী দল-এর সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ইমাম উদ্দিন তালুকদারসহ ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
গণসংযোগকালে মাহামুদ হোসেন বলেন, নেছারাবাদের বলদিয়া ইউনিয়ন দীর্ঘদিন ধরে অবহেলিত। নির্বাচিত হলে তিনি এ ইউনিয়নকে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নের আওতায় আনবেন। তিনি আরও বলেন, নেছারাবাদ উপজেলা পরিকল্পিত উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে। আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যেতে পারলে তিনি উপজেলার সার্বিক অবকাঠামোগত উন্নয়নে কাজ করবেন।
তিনি জানান, নেছারাবাদ উপজেলার সঙ্গে জেলা শহরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, সড়ক যোগাযোগ ও কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
মাহামুদ হোসেন বলেন, “নেছারাবাদ, কাউখালী ও ভান্ডারিয়ার মানুষের ন্যায্য দাবি ও আশা-আকাঙ্ক্ষা পূরণ করাই আমার প্রধান লক্ষ্য। জনগণের স্বার্থকে সর্বাগ্রে রেখে কাজ করতে চাই।”
গণসংযোগকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজকর্মী, তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় অনেক ভোটার জানান, মাহামুদ হোসেন এলাকার বাস্তব সমস্যা সম্পর্কে ভালোভাবে অবগত এবং মাঠপর্যায়ে তার সক্রিয় উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। বিশেষ করে তরুণ ভোটাররা পরিবর্তন ও কার্যকর নেতৃত্বের প্রত্যাশা করছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে পিরোজপুর-২ আসনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে স্বতন্ত্র প্রার্থী মাহামুদ হোসেন নিজেকে শক্ত অবস্থানে দেখছেন এবং বিজয় নিয়ে আশাবাদী।
গণসংযোগ কর্মসূচি শেষে তিনি বলেন, “আমি বিশ্বাস করি জনগণের রায়ই চূড়ান্ত। ইনশাআল্লাহ, ভোটারদের সমর্থনে পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হব।”