
X
আসন্ন ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৩ আসনে ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী মাওলানা এহসানুল হকের সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার শ্রীপুর পৌর মুক্ত মঞ্চে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক। জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর জেলা সভাপতি মাওলানা মাসুদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক বলেন, “আগামী ১২ই ফেব্রুয়ারির নির্বাচন শুধুমাত্র একটি ক্ষমতার লড়াই নয়; এটি দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে আগামীর নির্বাচন। এই নির্বাচন ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার নির্বাচন। এটি ১১ দলীয় ঐক্যজোটের পক্ষে নির্বাচন এবং বিদেশে টাকা পাচারের বিরুদ্ধে জনগণের গণরায় প্রকাশের নির্বাচন।”
তিনি আরও বলেন, দেশের সম্পদ লুট করে বিদেশে পাচারকারীদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে ইসলামী ও দেশপ্রেমিক শক্তিকে বিজয়ী করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা আমীর ড. জাহাঙ্গীর আলম বলেন, “১২ই ফেব্রুয়ারির নির্বাচন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নির্বাচন। এই নির্বাচন ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানে হাজারো শহীদের রক্তের ঋণ পরিশোধ করার নির্বাচন। শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না।”
প্রধান বক্তার বক্তব্যে গাজীপুর-৩ আসনের ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী মাওলানা এহসানুল হক বলেন, “সন্ত্রাস, দুর্নীতি ও লুটপাটের রাজনীতি থেকে গাজীপুরকে মুক্ত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা রিকশা মার্কায় ভোট দিয়ে গাজীপুরকে একটি সমৃদ্ধ, উন্নত ও ন্যায়ভিত্তিক এলাকা হিসেবে গড়ে তুলুন।”
তিনি বলেন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করাই ১১ দলীয় ঐক্যজোটের মূল লক্ষ্য।
জনসভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির গাজীপুর জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু রায়হান মিসবাহ, এনসিপির সদস্য ইঞ্জিনিয়ার কৌশিক আহমেদসহ ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ১১ দলীয় ঐক্যজোটের কোনো বিকল্প নেই।
জনসভায় গাজীপুরের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। পুরো জনসভা এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।