প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২১ পিএম (ভিজিট : ১৮০)

X
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, দলের কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কালাম বলেছেন- বিএনপি ক্ষমতায় এলে নারীদের কর্মসংস্থান বাড়ানো হবে। তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। নারীরা শিক্ষা ক্ষেত্রে আরো বেশি এগিয়ে যাবে। আমরা নারী বা পুরুষদের বিভক্ত করতে চাই না। নারী পুরুষ সকলেই এদেশের নাগরিক। এবার ক্ষমতায় এলে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বিএনপি কাজ করবে।
৯ ফেব্রুয়ারি (সোমবার) রাতে লাকসাম দলীয় কার্যালয়ে আয়োজিত লাকসাম-মনোহরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বিএনপি প্রার্থী আবুল কালাম বলেন- আমার নির্বাচনি এলাকার সাংবাদিকরা হচ্ছে আমার প্রান। আপনাদের সহযোগিতায় আজ আমি এই পর্যন্ত এসে পৌঁছেছি। ২০০০ সাল থেকে আমার রাজনৈতিক পথ চলা শুরু। ওই থেকে আপনারা আমার পাশে ছিলেন। আমি আশা করি আমার জীবনের শেষ পর্যন্ত আপনারা আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করে যাবেন।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন- আমি সংসদ সদস্য নির্বাচিত হলে আমার সঙ্গে আপনারা কথা বলতে বা দেখা করতে পিএস, এপিএস ধরা লাগবেনা। আপনাদের পরামর্শ বা অভিযোগ আমাকে সরাসরি বলতে পারবেন। সেজন্য আমি আমার দলীয় কার্যালয়ে একটি অনলাইন সেন্টার চালু করবো। আমি লাকসামের বাহিরে থাকলে যাতে আপনারা আমার সঙ্গে ভার্চুয়ালি কথা বলতে পারেন। আমি নির্বাচিত হলে লাকসাম-মনোহরগঞ্জে কোন সাংবাদিক অন্যায়ভাবে হয়রানির শিকার হবেনা। সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে। আমি মানুষ, কাজে কর্মে আমারও ভুল হতে পারে। সাংবাদিকরা আমার ভুলত্রুটি শুধরে দিবেন। গঠনমূলক সমালোচনা করবেন। এমনটাই আমি আপনাদের কাছে আশা করি।
তিনি আরও বলেন- বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক বরাদ্দ নিয়ে লাকসামে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কারিগরি কলেজ, মহিলা কলেজ এবং মনোহরগঞ্জে একটি গার্লস স্কুল প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। এছাড়াও লাকসাম-মনোহরগঞ্জে কৃষি ক্ষেত্রের উন্নয়নে ডাকাতিয়া নদী খনন ও সুইচ গেইট নির্মাণ করবো। কৃষি কার্ডের মাধ্যমে ন্যায্যমূল্যে সার, বীজ ও কিটনাশক সরবরাহ এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিত্যপণ্য সরবরাহ করা হবে ইনশাআল্লাহ।
মিট দ্যা প্রেস অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. মুহাম্মদ নুর উল্লাহ রায়হান, সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতা মোবারক উল্লাহ মজুমদার, লাকসাম উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবদুর রহমান বাদল, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক সফিকুর রহমান শফিক, লাকসাম উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক শাহ আলম, পৌরসভা বিএনপির সাধারন সম্পাদক গোলাম ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু, পৌরসভা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মনির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক।