
ময়মনসিংহের ভালুকায় উথুরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু-কে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বিকালে উথুরা ইউনিয়নে আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রুহুল আমীন মাসুদ, মোঃ গোলজার হোসেন, উসমানগনি মাখন,মুজিবুর রহমান মজু, শাখাওয়াত পাঠান, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান রাসেল, উপজেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ সরকার, সাধারণ সম্পাদক শাহ মোঃ সুজন মাওলানা মুফতি মেহের উদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ফখরউদ্দিন আহমেদ বাচ্চু বলেন, “ভালুকার মানুষ আমাকে যে ভালোবাসা ও আস্থা দিয়েছে, তা আমি আজীবন কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবো। আমি দল-মত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে ভালুকার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো খাতে দৃশ্যমান উন্নয়নই হবে আমার প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, “পবিত্র মাহে রমজান আমাদের সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে ভালুকাকে একটি আধুনিক ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলতে পারবো।”
পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।