প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৩ পিএম (ভিজিট : ৩০৪)

X
তরুণীকে বিয়ের প্রলোভনে আটকে রেখে হেনস্তা ও প্রতারণা করে ১৩ লাখ টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তারের পরদিন আপসের শর্তে জামিন পান ‘সা রে গা মা পা’ খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেল। তবে জামিন পাওয়ার পর নোবেলের বিরুদ্ধে ফের মারধর করার অভিযোগ তুলেছেন মামলার বাদী শবনম রোজ (অনন্যা) নামে সেই তরুণী।
আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে মা ও ছোট বোনের সাথে আসেন বাদী অনন্যা।
এসময় অনন্যা সাংবাদিকদের জানান, ‘নোবেল হাত-পা ধরে কান্নাকাটি করে জামিন নিয়েছে। জামিনের পর বাসায় নিয়ে ফের আমাকে মারধর শুরু করেছে। আমি কেন তার বিরুদ্ধে মামলা দিলাম, এটা বলে মারধর করেছে। এসময় অনন্যা তার হাত দেখিয়ে অনেকগুলো কাঁটা দাগ দেখান।’
নোবেলের প্রসঙ্গে অনন্যা আরও বলেন, ‘মিডিয়ার সামনে মানুষটা (নোবেল) যেরকম আর মিডিয়ার বাইরে খুবই আলাদা। আমি ওকে (নোবেল) খুব ভালোভাবে চিনি। ও নেশাখোর দাবি করে নিজেকে ভিক্টিম প্রমাণ করে। তবে তার বাইরের জগৎ সম্পূর্ণ আলাদা। সে যে ওরকম নেশা করে তেমন না।’
অনন্যার মা বিবি কুলসুম বলেন, ‘মিষ্টি মিষ্টি কথা বলে নোবেল জামিন নিয়ে গেছে। জামিনের পর পুরো লুক চেঞ্জ। ফের আমার মেয়েকে মারধর করেছে।’
তিনি আরও বলেন, তিন বছর আগে আমার মেয়ের সাথে তার বিয়ে হয়। অপ্রাপ্ত বয়স্ক বলে জানানো হয়নি। নোবেল নিজেও আদালতে বিয়ের বিষয়টি জানিয়েছে। জামিনের পর আমার মেয়েকে নোবেল তার বাসায় নিয়ে যায়। এরপর ফের মারধর শুরু করে। ২৫ ফেব্রুয়ারি মানে গতকাল তাকে মারধর করেছে। তার ভিডিওসহ ডকুমেন্টস আমাদের কাছে আছে। আমরা এখনই কিছু বলতে চাচ্ছি না। খুব শিগগিরই আদালতে পরবর্তী পদক্ষেপ নেব।
অনন্যার মা কুলসুম বলেন, ‘আদালতে আসার বিষয়টি আমরা গোপন রাখতে চাচ্ছিলাম। কারণ নোবেল আমাদের হুমকি দিয়েছে- বাড়ির বাইরে বের হলে দেখে নেবে। আমরা নিরাপত্তাহীনতায় আছি।’
বাদীপক্ষের আইনজীবী সাজিদুল ইসলাম বলেন, ‘বিয়ে করবে এমন শর্তে বাদী নোবেলের জামিনের বিরোধিতা করেনি। আপসের শর্তে আসামি জামিন পায়। তবে বাদি নোবেলের সাথে তার বাসায় যায়। সারারাত নোবেল মেয়েটাকে মারধর করে। মারধরে সে বেহুঁশ হয়ে যায়। তারপর মেডিকেলে নিয়ে যায়। এখন বাদী নোবেলের জামিন বাতিলের আবেদন করবে।’