প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৩:৩৭ পিএম (ভিজিট : ৭৭)

X
সংগৃহীত ছবি
সংযুক্ত আরব আমিরাতে হঠাৎ করে ফ্লাইট স্থগিত হওয়ায় বিপাকে পড়েছেন বহু যাত্রী। তাদের মধ্যে রয়েছেন বলিউড ও ব্রিটিশ রিয়েলিটি টিভির কয়েকজন পরিচিত তারকা। দুবাই ও আবুধাবিতে আটকে পড়লেও সবাই নিরাপদ আছেন বলে সামাজিক মাধ্যমে জানিয়েছেন তারা।
ঈশা গুপ্তা : বলিউড অভিনেত্রী ঈশা গুপ্তা ইনস্টাগ্রামে জানান, ‘যারা খোঁজ নিচ্ছেন, সবাইকে ধন্যবাদ। আমরা নিরাপদ আছি। সময়টা কঠিন, তবে ঈশ্বর আমাদের রক্ষা করছেন।’ তিনি আরও বলেন, আবুধাবিতে পরিস্থিতি সুশৃঙ্খলভাবে সামাল দেওয়া হচ্ছে। আটকে পড়া যাত্রীদের খাবার, হোটেল ও যাতায়াতের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।
লরা অ্যান্ডারসন : ‘লাভ ইসল্যান্ডের’-এর তারকা লরা অ্যান্ডারসন মেয়েকে নিয়ে ছুটি কাটাতে দুবাইয়ে গিয়েছিলেন। ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় সেখানেই আটকা পড়েন। তিনি সামাজিক মাধ্যমে জানান, ‘পরিস্থিতি ভয়াবহ হলেও আমি ও আমার মেয়ে নিরাপদ আছি। শিগগিরই বাড়ি ফিরতে চাই।’
অজিত কুমার : তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার পেশাদার রেসিং ইভেন্টে অংশ নিতে আমিরাতে ছিলেন। ফ্লাইট স্থগিত হওয়ায় চেন্নাই ফিরতে পারেননি। তার ম্যানেজার জানিয়েছেন, তিনি দুবাইয়ে নিরাপদে আছেন এবং বাণিজ্যিক ফ্লাইট চালু হলেই দেশে ফিরবেন।
শুভশ্রী গাঙ্গুলী : বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী ছেলেকে নিয়ে দুবাইয়ের পাম জুমেইরাহ এলাকায় অবস্থান করছেন। তাঁর স্বামী ও নির্মাতা রাজ চক্রবর্তী জানান, একটি বিস্ফোরণের খবরের পর স্থানীয় কর্তৃপক্ষ সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে। পরিস্থিতি জটিল হলেও তারা নিরাপদে আছেন।
সোনাল চৌহান :ফ্লাইট বাতিল হওয়ায় দুবাইয়ে আটকে পড়েন বলিউড অভিনেত্রী সোনাল চৌহানও। পরে সামাজিক মাধ্যমে তিনি জানান, কর্তৃপক্ষ সবার নিরাপত্তায় সর্বোচ্চ চেষ্টা করছে। দুবাই বিশ্বের অন্যতম নিরাপদ জায়গা।
ভিকি প্যাটিসন : অস্ট্রেলিয়া যাওয়ার পথে দুবাই থেকে ফ্লাইট বাতিল হওয়ায় আটকে পড়েন ব্রিটিশ টিভি ব্যক্তিত্ব ভিকি প্যাটিসন। তিনি জানান, পরিস্থিতির কারণে তাদের হোটেলের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে সরিয়ে নেয়া হয়েছিল। সরকারিভাবে জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হলেও ধ্বংসাবশেষ পড়ে কিছু ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।
স্থানীয় প্রশাসন বাসিন্দা ও পর্যটকদের আপাতত ঘরে থাকার পরামর্শ দিয়েছে। আকাশসীমা স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চালু হচ্ছে না। তবে স্বস্তির খবর আটকে পড়া তারকারা সবাই নিরাপদ আছেন এবং পরিস্থিতি স্বাভাবিক হলে নিজ নিজ গন্তব্যে ফিরবেন বলে জানিয়েছেন।