প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৭:০২ পিএম (ভিজিট : ৮৮)

X
শ্রমিক বিক্ষোভ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করেছেন। এতে মহাসড়কের দুই পাশে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী, পরিবহন চালক ও পথচারীরা।
বুধবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার তারাব পৌরসভার খাদুন এলাকায় ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শ্রমিকরা।
স্থানীয় সূত্র ও বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, খাদুন এলাকার ভূঁইয়া ফেব্রিকস নামের একটি পোশাক কারখানায় প্রায় ৪০০ শ্রমিক কাজ করেন। তাদের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদ বোনাস দীর্ঘদিন ধরে বকেয়া রয়েছে। শ্রমিকদের অভিযোগ, মালিকপক্ষ বারবার বেতন পরিশোধের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন না করে সময়ক্ষেপণ করে আসছিল।
বুধবার সকালে শ্রমিকরা কারখানায় এসে জানতে পারেন, তাদের বকেয়া বেতন ও ঈদ বোনাস আগামী ১৮ মার্চ পরিশোধ করা হবে। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে ঢাকা–সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।
শ্রমিকদের অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষ, দূরপাল্লার যাত্রী ও পরিবহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
পরে প্রশাসনের হস্তক্ষেপে মালিকপক্ষ আগামীকাল ১২ মার্চ শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন এবং পুনরায় কাজে যোগ দেন। এরপর ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ূন আহমেদ বলেন, মালিকপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দেওয়ায় শ্রমিকরা সড়ক অবরোধ প্রত্যাহার করে কাজে ফিরে গেছেন এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।