
X
উপরে বাঁ থেকে ডানে ববিতা, রোজিনা, তারিক আনাম খান, মিশা সওদাগর; নিচে বাঁ থেকে ডানে জাহিদ হাসান, আজিজুল হাকিম, আজমেরী হক বাঁধন, সালাহউদ্দিন লাভলু।
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই মহোৎসব। এই ছুটির আবহে নাড়ির টানে যেমন অনেকে আপনজনদের কাছে ছুটে যান, তেমনি কেউ কেউ আবার দূরে কোথাও ঘুরতে যেতে পছন্দ করেন।
শোবিজ জগতের তারকারাও এর ব্যতিক্রম নন; তারাও নানাভাবে ঈদের ছুটি উপভোগ করছেন।
এবারের ঈদে কেউ পাড়ি জমিয়েছেন সুদূর আমেরিকায়, আবার কেউবা সময় কাটাচ্ছেন ব্যাংককের মনোরম পরিবেশে। চলুন পাঠক, জেনে নেওয়া যাক এই ঈদের ছুটিতে আপনার প্রিয় তারকারা কে কোথায় ছিলেন।
মিশা সওদাগরের পরিবার আমেরিকায়। কিন্ত, দর্শকপ্রিয় এই অভিনেতা দেশেই থাকেন। তবে, ছুটি পেলেই তিনি চলে যান আমেরিকায়, পরিবারের কাছে। এবারও ঈদের ছুটিতে মিশা সওদাগর চলে গেছেন আপনজনদের কাছে। তিনি বলেন, ঈদের ছুটিতে আপনজনদের কাছে থাকার আনন্দই অন্যরকম।
সাড়া জাগানো অভিনেতা জাহিদ হাসান ঈদের ছুটিতে ঢাকায় ছিলেন। কোনো কোনো ঈদের ছুটিতে তিনি সিরাজগঞ্জ নিজ শহরের নিজ বাড়িতে যান। তবে এবার যাননি। জাহিদ হাসান বলেন, ঈদের ছুটিতে ঢাকায় আছি।
আবদুন নূর সজল ঢাকার মানুষ। ঈদ মানেই তার কাছে পুরোনো ঢাকার স্মৃতি। তার দাদাবাড়ি পুরান ঢাকায়। এবারের ঈদে সজল ঢাকায় আছেন। পরিবারের সঙ্গে ঈদ করছেন। সজল বলেন, ঈদের ছুটি মানেই ঢাকা। দারুণ লাগে এই সময়টায় নিজ শহরে।
এক সময়ের সাড়া জাগানো চলচ্চিত্র নায়িকা ববিতা কিছুদিন আগে কানাডা থেকে দেশে ফিরেছেন। প্রতি বছর তিনি একবার করে কানাডায় যান একমাত্র পুত্র অনীকের কাছে। ঈদের ছুটিতে ববিতা আছেন ঢাকায়। তিনি বলেন, ঈদের ছুটিতে ঢাকায় ছিলেন। কিন্ত, মনটা পড়ে আছে সন্তানের কাছে। ঈদের সময় বেশি বেশি মিস করছি তাকে।
গুণী অভিনেতা তারিক আনাম খান ঈদের ছুটিতে কাটাতে ব্যাংককে অবস্থান করছেন। মূলত ঈদকে ঘিরেই তিনি ছুটি নিয়েছেন। কেননা, বছরজুড়ে তাকে ব্যস্ত থাকতে হয় অভিনয় নিয়ে। সেভাবেই আগে থেকে পরিকল্পনা করেছেন। তিনি বলেন, ঈদের ছুটিতে ব্যাংককে।
রোজিনা ঢাকাই সিনেমার একসময়ের সফল নায়িকা। কোনো কোনো ঈদের ছুটিতে তিনি লন্ডনে থাকেন। এবারের ঈদের ছুটিতে তিনি ঢাকায় ছিলেন। রোজিনা বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে হাসিখুশি। আমার ভক্তদের ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ সবার জন্য আনন্দ বয়ে নিয়ে আসুক।
আজমেরী হক বাঁধন ঈদের ছুটিতে ঢাকাতেই ছিলেন। তার নতুন সিনেমা বনলতা এক্সপ্রেস মুক্তি পেয়েছে। এজন্য বছরের ঈদ মানে তার কাছে খুব বেশি আনন্দের। হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে বনলতা এক্সপ্রেস পরিচালনা করেছেন তানিম নূর। ঈদের ছুটিতে নতুন সিনেমা মুক্তিতে কয়েকটি হলে যাওয়ার কথা চিল বাঁধনের ।
চলচ্চিত্র নায়ক সিয়াম আহমেদ অভিনীত নতুন সিনেমা রাক্ষস মুক্তি পেয়েছে ঈদের দিন। ঈদের ছুটিতে তিনি ঢাকায় ছিলেন। ঈদে বিভিন্ন হলে গিয়েছেন তিনি। দর্শকদের সঙ্গে নিজের সিনেমা নিয়ে কথাও বলেছেন।
কেয়া পায়েল ঈদের ছুটিতে দেশেই ছিলেন। যদিও বছরের বিভিন্ন সময়ে ছুটি নিয়ে ঘুরে বেড়ান নানান জায়গায়। কিন্ত, এবারের ঈদের ছুটি তিনি পরিবারের সঙ্গে কাটাচ্ছেন। তিনি বলেন, ঈদের ছুটিতে পরিবারের সাথেই আছি। পরিবারকে সময় দিচ্ছি। খুব ভালো সময় কেটেছে।
দর্শকনন্দিত অভিনেতা আজিজুল হাকিম ঈদের ছুটিতে ঢাকায় ছিলেন। পরিবারের সবার সঙ্গে ঈদ করছেন তিনি। তার কাছে ঈদ অনেক বেশি আনন্দের। অভিনেতা জানান, এই আনন্দ আরও বেশি বেড়ে যায় পরিবারের সঙ্গে উদযাপন করলে।
অভিনেতা ও নাট্যপরিচালক সালাহউদ্দিন লাভলু ঈদের ছুটিতে ঢাকায় ছিলেন। তবে, তার নিজের বাড়ি কুষ্টিয়ায় যাওয়ার সম্ভাবনা কথাও বলেছেন। তিনি বলেন, ঈদে আপনজনদের কাছে গেলে খুব ভালো লাগে।