
মহেশখালীতে বিশেষ অভিযানে ১০ আসামী গ্রেফতার
মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর ও সিআর পরোয়ানাভুক্তসহ মোট ১০ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সুলতানের দিকনির্দেশনায় এসআই মোজাহারুল ইসলাম, এএসআই নুমং মার্মা, এএসআই ওয়াশীম মিয়া ও এএসআই উত্তম কুমার বড়ুয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মহেশখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
অভিযানে সিআর মামলা নং- ১১৯/২৪ এর ৫ জন পরোয়ানাভুক্ত আসামীসহ বিভিন্ন মামলার মোট ৮ জন সিআর পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়। এছাড়া পাহাড়তলী থানার একটি মামলায় ৬ বছরের সাজাপ্রাপ্ত ১ জন জিআর আসামী এবং মহেশখালী থানার নিয়মিত মামলার আরও ১ জন আসামীকে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে মাতারবাড়ী ও শাপলাপুর এলাকার একাধিক ব্যক্তি রয়েছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় দায়ের করা মামলার ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সকল আসামীকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয়ভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে মহেশখালী থানা পুলিশ।