প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৮:৩০ পিএম (ভিজিট : ৬৮)

X
সংগৃহীত ছবি
২৫ মার্চ ১৯৭১ সালের ওই দিনে রাতের আধারে এদেশের ঘুমন্ত মানুষের ওপর হায়নার মতো ঝাপিয়ে পড়েছিল পাকিস্তানি মিলিটারি।
নির্বিচারে হত্যা করেছিল অগণিত মানুষ। সেই থেকে ২৫ মার্চের রাতকে কালরাত হিসেবে ডাকা হয়। অভিনেত্রী জয়া আহসানের মা ২৫ মার্চ কালরাতের সাক্ষী। সামাজিক মাধ্যমে তা জানালেন জয়া। নিজের ফেসবুকে জয়া লিখেছেন, আমার মায়ের তখন নবীন যুবাবয়স। গান করতেন, লাকী আখন্দের তদারকিতে।
সেদিন (২৫ মার্চ) রাতের বেলায় তিনি গান করতে গেছেন বাংলাদেশ টেলিভিশনে। দেশাত্ববোধক গানের তখন অন্য রকম শক্তি, অন্য রকম আলো। লাকী আখন্দ, শম্পা রেজা আর আমার ছোট খালা-ছোট মামাসহ নানা গাইয়েরাও সঙ্গে আছেন।
হঠাৎ খবর পৌঁছাল, গভীর রাতে ভয়ানক কিছু ঘটতে চলেছে। মা বেরিয়ে দেখেন, পথে পাকিস্তানি মিলিটারি গিজগিজ করছে। আতঙ্কে অস্থির হয়ে কোনো রকমে একটা স্কুটার খুঁজে পেতে বাড়িতে পৌঁছল মা।
জয়ার কথায়, এর পর এলো ইতিহাসের ভয়ংকর সেই রাত। ২৫ মার্চ ১৯৭১। এমন অকল্পনীয় জেনোসাইড পৃথিবী কমই দেখেছে। এই জেনোসাইডের স্মৃতি আমাদের ইতিহাসের সঙ্গে মিশে আছে। যত দিন বাংলাদেশ আছে, তত দিন এর স্মৃতি আমাদের অন্তরে জেগে থাকবে।