
প্রতীকী ছবি
নওগাঁর রাণীনগরে জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে জেরে প্রতিপক্ষের মারপিটে আমির হোসেন প্রামানিক (৭০) ও তার ছেলে আলমগীর কবির (৩৬) আহত হয়েছেন।
আহতদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৬মার্চ) সকালে উপজেলার আবাদপুকুর চারমাথা এলাকায় এই মারপিটের ঘটনাটি ঘটে। আহতরা উপজেলার কালীগ্রাম মন্সিপুর গ্রামের বাসিন্দা।
আহত আমির আলীর ছেলে জাহাঙ্গীর আলম জানান, উপজেলার আবাদপুকুর চারমাথা মোড়ের একটু অদূরে কালীগঞ্জ সড়কের পাশে তাদের পৈত্রিক এবং ক্রয়কৃত সম্পত্তি আবাদপুকুর বাজার চারমাথা এলাকার আলহাজ্ব মোফাজ্জল হোসেন মন্ডল প্রায় ২০ বছর ধরে জবর দখল করে আছে। দখলকৃত জমির মালিকানার কাগজপত্র দেখতে চাইলে মোফাজ্জল হোসেন কোনো কাগজপত্র দেখায়না। এসব নিয়ে বেশ কয়েকবার বৈঠকে বসার পরও কোনো কাগজপত্র দেখায়নি।
তাই আমাদের সম্পত্তি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখলে বার বার রাতের অন্ধকারে বেড়া খুলে ফেলে দিয়ে তারা দখলের চেষ্টা করে। এরই মধ্যে আমরা আবার বেড়া দিলে সেই বেড়া খুলে ফেলে দিয়ে বুধবার রাতে প্রতিপক্ষরা টিনের বেড়া দিয়ে ঘর নির্মাণের চেষ্টা করে। আমরা জানতে পেরে বাধা দিই। এরপর বৃহস্পতিবার সকালে বসে মিমাংশার কথা বলে বাবা এবং ভাইকে ডেকে নিয়ে মোফাজ্জলের ছেলে রুবেল ও রাজার নেতৃত্বে ৭ থেকে ৮জন মারপিট করে আহত করে। স্থানীয় লোকজন দেখতে পেয়ে বাবা এবং ভাইকে উদ্ধার করে প্রথমে রাণীনগর হাসপাতালে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানতে চাইলে মোফাজ্জল হোসেন মন্ডল বলেন, প্রায় ৩০বছর আগে ওই ১৪শতক জায়গা ক্রয় করে নামজারি করে খাজনা দিয়েছি। সেখানে ধান ভাঙ্গা মিল স্থাপন করে ভোগ দখল করে আসছি। এছাড়া জমির মালিকানা নিয়ে উভয় পক্ষের ৩টি মামলা আদালতে চলমান আছে। এরই মধ্যে আমার নির্মাণকৃত ঘর তারা ভেঙ্গে ফেলে। এটা নিয়ে উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব হয়েছে।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. আব্দুল লতিফ বলেন, জায়গা জমি নিয়ে মারপিটের ঘটনায় এক পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।