
X
সংগৃহীত ছবি
দর্শকদের প্রশংসাধন্য ঈদের বিশেষ ইত্যাদি পুনঃপ্রচার আজ রাত আটটার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে। দর্শকদের আনন্দের ষোলকলা পূর্ণ করে আনন্দ-বিনোদনে এবার ইত্যাদি ছিল ঈদের সেরা অনুষ্ঠান।
বরাবরের মত এবারও ইত্যাদি শুরু করা হয়েছে-‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ এই গানটি দিয়ে। এবারে এই গানটি পরিবেশন করেছেন ঘর থেকেও যাদের ঘর নেই। ঘরহারা এই মানুষদের সঙ্গে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেয়ার জন্যেই এবারের ঈদের গানটিতে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।
এবারের ঈদের বিশেষ ইত্যাদির দেশাত্মবোধক গানে কণ্ঠ দিয়েছেন নন্দিত শিল্পী সাবিনা ইয়াসমিন, আর তার সঙ্গে রয়েছে জনপ্রিয় ছয়জন কণ্ঠতারকা মনির খান, আগুন, রবি চৌধুরী, ফাহমিদা নবী, আঁখি আলমগীর ও প্রিয়াংকা গোপ। গানটির কথা লিখেছেন খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, মূল সুর আলী আকবর রুপুর, সংগীত পরিচালনায় উজ্জ্বল সিনহা। আর গানটির নির্মাণে বৈচিত্র্য আনার জন্য ছিল এস কে জাহিদের পরিচালনায় অর্ধ শতাধিক নৃত্যশিল্পীর শৈল্পিক কোরিওগ্রাফি।
ঈদ ইত্যাদির এই পর্বে একটি ব্যতিক্রমধর্মী গান গেয়েছেন এই সময়ের জনপ্রিয় সংগীত তারকা হাবিব ওয়াহিদ। কথা লিখেছেন এস এ হক অলিক। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ নিজেই। আর একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় চলচ্চিত্র তারকা শবনম বুবলী এবং সংগীত শিল্পী ইমরান মাহমুদুল। এই গানটির মাধ্যমেই অভিনয়ে জনপ্রিয় নায়িকা বুবলীর গায়িকা হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে। গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল।
বর্ণাঢ্য নৃত্যে অংশগ্রহণ করেছেন চলচ্চিত্র তারকা তমা মির্জা ও টিভি তারকা জান্নাতুল সুমাইয়া হিমি। নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ।
এবারের ইত্যাদির ঈদ পর্বে দুটি ভিন্ন বিষয় নিয়ে দুটি বক্তব্যধর্মী মিউজিক্যাল ড্রামা করা হয়। একটিতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সারিকা সাবরিন, সজল নূর, কুসুম শিকদার, আরফান আহমেদ ও নাসির উদ্দিন খান। বিশ্বাসের প্রতি অবিশ্বাস নিয়ে নির্মিত আর একটি মিউজিক্যাল ড্রামায় অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী। সংগীত পরিচালনা করেছেন মেহেদী ও আকাশ মাহমুদ।
নৈতিকতা ও সামাজিক অবক্ষয় নিয়ে তৈরি করা হয়েছে এবারের দলীয় সংগীত। এই পর্বে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় চিত্রনায়ক শরীফুল রাজ এবং দর্শকপ্রিয় মডেল-অভিনেত্রী সাবিলা নূর। তাদের সঙ্গে নৃত্যে অংশগ্রহণ করেছেন ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পীবৃন্দ।
প্রতিবারই ইত্যাদির দর্শক নির্বাচন প্রক্রিয়া থাকে ভিন্ন রকম। এবারও তার ব্যতিক্রম হয়নি। ‘তালা’র প্রতীকী চিত্র দিয়ে নির্বাচিত ৪ জন দর্শকের সঙ্গে অতিথি হিসেবে মুখোমুখি হয়েছিলেন শক্তিমান অভিনেতা মোশাররফ করিম। তার তাৎক্ষণিক অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।
প্রতি ঈদের মত এই ঈদেও শতাধিক বিদেশিদের নিয়ে ছিল একটি শিক্ষণীয় নাটিকা, সাথে ছিল বিদেশিদের অংশগ্রহণে অসাধারণ নৃত্য। এছাড়াও ছিল প্রায় ডজনখানেক বিদ্রুপাত্বক রসালো নাট্যাংশ। যেখানে দেশের শীর্ষস্থানীয় তারকা শিল্পীরা অংশগ্রহণ করেছেন।
ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।