প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১১:০৩ এএম আপডেট: ২৮.০৩.২০২৬ ১১:১১ এএম (ভিজিট : ২৭)

X
যশোরে প্রতিমন্ত্রীর পরিদর্শন অনিয়মের দায়ে তেলপাম্পে জরিমানা
জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের আকস্মিক পরিদর্শনের পর যশোরের একটি তেলপাম্পকে জরিমানা করেছে জেলা প্রশাসন। শুক্রবার (২৭ মার্চ) রাত ১০টার দিকে শহরের ঢাকা রোড এলাকার ‘মনির উদ্দিন ফিলিং স্টেশন’-এ এই অভিযান চালানো হয়।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বিদেশি মবিলে আমদানিকারকের সিল না থাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে পাম্পটিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান উপস্থিত ছিলেন।
এর আগে রাত পৌনে ৮টার দিকে প্রতিমন্ত্রী শহরের মনিহার এলাকার দুটি ফিলিং স্টেশন পরিদর্শন করেন। এ সময় তেল মজুত ও বিক্রির রশিদে অসঙ্গতি পাওয়ায় তিনি জেলা প্রশাসককে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “সরবরাহ স্বাভাবিক আছে। কেউ অহেতুক আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল মজুত করবেন না।” স্থানীয় পাম্প মালিকরা পেট্রোল ও অকটেনের সাময়িক ঘাটতির কথা জানালেও প্রশাসনের দাবি, কৃত্রিম সংকট রোধে এই তদারকি অব্যাহত থাকবে।