প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১২:৩৭ পিএম (ভিজিট : ২৮)

X
সংগৃহীত ছবি
গ্ল্যামার দুনিয়ায় অভিনেত্রী-নির্মাতাদের মধ্যকার বিভিন্ন ধরনের সম্পর্ক গড়ে ওঠা পুরনো রীতি। ক্যারিয়ারের স্বার্থে নামি প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেন তারকারা। সেইসব প্রতিষ্ঠানের প্রযোজকদের কথায় রীতিমতো উঠতে-বসতেও দ্বিধা করেন না।
তবে বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর হাঁটলেন উল্টোপথে। বলিউডের খ্যাতিমান পরিচালক ও প্রযোজক করণ জোহরের ধর্মা প্রডাকশন ছেড়ে বেরিয়ে এলেন এই অভিনেত্রী; যা করণের পাশাপাশি বিস্মিত করেছে বলিউড পরিবারে। এ কারণে জাহ্নবীকে রীতিমতো কটাক্ষ করলেন করণ জোহর। বলেছেন, ‘এই প্রজন্মের ছেলেমেয়েরা নিরাপত্তাহীনতায় ভোগে। এই ইন্ডাস্ট্রিতে কেউ কারও নয়।’
ভারতের আনন্দবাজারসহ একাধিক সংবাদমাধ্যম এ তথ্যের পাশাপাশি আরও জানিয়েছে, সম্প্রতি করণের প্রযোজনা প্রতিষ্ঠান ছেড়ে বেরিয়ে গিয়েছেন জাহ্নবী কাপুর। তার পরেই এক সাক্ষাৎকারে করণ বলেছেন, নতুনদের মধ্যে প্রতিভার সন্ধান, তাদের পর্দায় তুলে ধরা, ঘষেমেজে তারকা অভিনেতা তৈরি করা-দীর্ঘদিন ধরে এই কাজ করে আসছেন তিনি। এ বিষয়ে তার আছে ৩১ বছরের অভিজ্ঞতা। শাহরুখ খান, রানী মুখার্জি, কাজল, আলিয়া ভাটের মতো তারকারা তার প্রযোজনা সংস্থার পরিচিত মুখ। একাধিক নতুন মুখও তার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ। অথচ সেই ধর্মা প্রডাকশন ছেড়ে অনায়াসে অন্য প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে এতটুকু দ্বিধা করেননি জাহ্নবী কাপুর। এতে প্রমাণ হয়, এই প্রজন্মের ছেলেমেয়েরা নিরাপত্তাহীনতায় ভোগে।
করণ আরও বলেছেন, ‘এই প্রজন্মের অভিনেতাদের ধৈর্য নেই, স্থিরতাও নেই। আমি তাদের পেছনে দুটো বছর খরচ করতে রাজি। কিন্তু, তারা রাজি নন। ফলে, একটি প্রযোজনা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই তারা চুক্তি ভেঙে চলে যান অন্যত্র। প্রলোভনের ফাঁদে পা দেন। যেখানে যান, সেখানেও কিছু দিনের মধ্যেই মোহভঙ্গ হয়। তখন তারা ফিরে আসতে চান পুরনো জায়গায়।’
এই নির্মাতা আরও জানান, সিনেমা ব্যবসার সঙ্গে যুক্ত ৯০ শতাংশই অহঙ্কারি এবং নিরাপত্তাহীনতায় ভোগেন। তাদের সামলানো সহজ কাজ নয়। তাই ‘ট্যালেন্ট ম্যানেজমেন্ট’কে কেউ যদি ব্যবসার সুযোগ হিসেবে দেখেন, তাহলে তাকে করণ ওই পথে না হাঁটারই পরামর্শ দেবেন। অন্যদিকে জাহ্নবীকে ঘিরে করণের এই মন্তব্য নিয়ে নেটিজেনদের মধ্যে এখন চলছে তুমুল আলোচনা-সমালোচনা। অনেকের মত, এই প্রযোজক ও অভিনেত্রীর সম্পর্কের মাঝে চিড় ধরেছে। সে কারণে জহ্নবী বিকল্প পথ বেছে নিয়েছেন। তবে নেটিজেনরা নানা কথা বললেও এ বিষয়ে এখনো মুখ খোলেননি জাহ্নবী।