
X
ঈদের আনন্দে পর্যটকদের ঢল গজনী অবকাশে
ভারতের সীমান্তঘেষা গারো পাহাড় ও শালবনের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ পর্যটন কেন্দ্র এখন দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। ঈদের দিন থেকেই শুরু হওয়া পর্যটকদের ঢল পুরো সপ্তাহজুড়েও অব্যাহত রয়েছে। পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছেন এই নয়নাভিরাম পর্যটন কেন্দ্রে।
গজনীর উঁচুনিচু পাহাড়, বিশাল লেকের স্বচ্ছ জলে প্যাডেল বোট চালানো, ভাসমান সেতু, ক্যাবল কার, জিপলাইন, ঝুলন্ত সেতু, শিশু পার্ক, মিনি চিড়িয়াখানা, গারো ভিলেজসহ নানা আকর্ষণ উপভোগ করছেন দর্শনার্থীরা।প্রাকৃতিক সৌন্দর্য খুব সহজেই আকৃষ্ট করে দর্শনার্থীদের।
শেরপুরের গজনী অবকাশ পর্যটন কেন্দ্রটি পাহাড় টিলা আর সমতল ভূমিতে সবুজেরসমারোহ। শাল, গজারি, সেগুন,ছোট-বড় মাঝারি টিলা, লতাপাতার বিন্যাস প্রকৃতি প্রেমিদের নিশ্চিত দোলা দিয়ে যায়। অন্যদিকে জেলা প্রশাসনের উদ্যোগে পাহাড়ের বুক জুড়ে তৈরি সুদীর্ঘ ওয়াকওয়ে। পায়ে হেঁটে পাহাড়ের স্পর্শ নিয়ে লেকের পাড় ধরে হেঁটে যাওয়া যায় এক পাহাড় থেকে অন্য পাহাড়ে।
পড়ন্ত বিকেলে ছোট ছোট নৌকায় করে ঘুরার জন্য রয়েছে লেক। লেকের বুকে নৌকায় চড়ে পাহাড়ের পাদদেশে কফি আড্ডা আর গান এখানে আগত দর্শনার্থীদের জন্য আনন্দময় দৃশ্য তৈরি করে। আগত শিশু দর্শনার্থীদের জন্য চুকুলুপি চিলড্রেনস পার্কের পাশাপাশি এবার নতুন যুক্ত হচ্ছে শিশু কর্ণার। এ সকল দৃশ্যাবলি দেখতে ঈদের ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
সরেজমিনে দেখা গেছে,গজনী অবকাশের বিভিন্ন জায়গায় কেউবা তুলছেন সেলফি, কেউবা নিজ ও প্রিয়জনের ছবি ক্যামেরাবন্দী করছেন নিজের মোবাইল ফোনে। চুকুলুপি চিলড্রেনস পার্ক ছিল সকাল থেকেই মুখরিত। শিশুদের ভিড় বেড়ে যাওয়ায় পার্কের ফটকে লম্বা লাইন দেখা যায়। এ সময় শিশুদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এ শিশু পার্কটি। বিভিন্ন রাইডে চড়ে ও খোলামেলা পরিবেশ পেয়ে আনন্দে মেতে ওঠে শিশুরা। শিশুদের সঙ্গে অনেক অভিভাবককেও আনন্দে মেতে উঠতে দেখা যায়। গজনী বোট ক্লাবের বোটে চড়ে ঘুরে বেড়ানোর জন্যেও পর্যটকদের দীর্ঘ লাইন দেখা মিলে।
ঘুরতে আসা কয়েকজন পর্যটকদের সাথে কথা বললে তারা জানান, ঈদের ছুটিতে শেরপুরে ঘুরার মত গজনী অবকাশ সবচাইতে নিরাপদ একটি জায়গা। এখানে সপরিবারে ঘুরার মত মনোরম পরিবেশে রয়েছে।
এই পার্কের ইজারাদার ফরিদ মিয়া বলেন, গত বছরের চাইতে এই ঈদে দর্শনার্থীর ভিড় লক্ষ্য করা যাচ্ছে। গজনী অনেক ভাল ভাল রাইড হওয়ায় এখন পর্যটকদের আকর্ষনীয় স্থান হিসেবে গজনী অবকাশ কেন্দ্রটিই বেছে নিচ্ছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, ঈদে গজনী অবকাশে দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে ঘোরাফেরা করতে পারে তার জন্য ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে।