প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৪:৪৬ পিএম (ভিজিট : ৩৮)

X
সুনামগঞ্জ শহর এর প্রাণকেন্দ্র ট্রাফিক পয়েন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। রবিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে হক সুপার মার্কেটের অন্তত ১০টি দোকান, আরও ২টি দোকানঘর এবং একাধিক কাপড় ও জুতার গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে দোকানগুলোর পেছন দিক থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখা যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলেও তাদের পৌঁছানোর আগেই কাপড়ের গোডাউন থেকে আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ শহরে এর আগে এত বড় অগ্নিকাণ্ড তারা দেখেননি। আগুনের ভয়াবহতায় অনেক ব্যবসায়ীকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
স্থানীয়দের ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে কোনো কাপড়ের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং প্রায় ১২টি দোকানের মালামালসহ দোকানঘর পুড়ে যায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস, পুলিশ ও বিজিবির সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এক ব্যবসায়ী জানান, খবর পেয়ে দৌড়ে এসে কিছুই উদ্ধার করতে পারিনি। প্রায় ৯০ লাখ টাকার মালামাল চোখের সামনে পুড়ে গেছে।
কাপড় ব্যবসায়ী সারথী চৌধুরী বলেন, আগুন ছড়িয়ে পড়ার আগেই সব শেষ হয়ে যায়। প্রায় ৯৮ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রতন শেখ জানান, প্রাথমিকভাবে ধারণা বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
অগ্নিকাণ্ডের পর রাতেই জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।