প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৪:২২ পিএম আপডেট: ০৪.০৪.২০২৬ ৪:২৭ পিএম (ভিজিট : ১৭২)

X
মুক্তিপণ দিয়ে ফিরল ৬ জেলে, এখনো নিখোঁজ ৪, সুন্দরবনে দস্যু আতঙ্ক অব্যাহত
মুক্তিপণের দাবিতে সুন্দরবনে জলদস্যুদের হাতে অপহৃত ১০ জেলের মধ্যে ছয়জন জিম্মিদশা থেকে মুক্তি পেয়ে বাড়িতে ফিরেছেন।
শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাতে আনারুল, ইমরান ও সুশান্ত এবং এর একদিন আগে সাদ্দাম, ইউনুস আলী ও সাইফুল ইসলাম নিজ নিজ বাড়িতে ফিরে আসেন।
জানা গেছে, অপহরণের শিকার এসব জেলেদের পরিবারের সদস্যরা জলদস্যুদের দাবিকৃত প্রায় দুই লাখ টাকা মুক্তিপণ পরিশোধের পর তাদের মুক্তি মেলে।
উল্লেখ্য, গত ৩০ মার্চ সুন্দরবনের চুনকুড়ি, মালঞ্চ ও মামুন্দো নদী এলাকা থেকে ‘ডন’ ও ‘আলিফ ওরফে আলিম’ বাহিনীর পরিচয়ে ১০ জেলেকে অপহরণ করা হয়।
ফিরে আসা জেলে ও তাদের স্বজনদের ভাষ্য অনুযায়ী, সাদ্দামের মুক্তিপণ বাবদ ৪০ হাজার টাকা, আনারুল, সুশান্ত ও ইমরানের জন্য মাথাপিছু ৩৫ হাজার টাকা এবং ইউনুস আলী ও সাইফুল ইসলামের জন্য মাথাপিছু ২৫ হাজার টাকা দিতে হয়েছে। তবে এখনো এনামুল ও হযরতসহ চার জেলের কোনো খোঁজ পাওয়া যায়নি।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক সুন্দরবনে যাতায়াতকারী কয়েকজন জেলে জানান, ১ এপ্রিল বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সুন্দরবনকে দস্যুমুক্ত করার নির্দেশনা দেন। এর পর র্যাব, কোস্টগার্ড, বিজিবি ও পুলিশ যৌথভাবে তৎপরতা বাড়ালে জলদস্যুরা অপহৃত বাকি জেলেদের নিয়ে গভীর বনের দিকে সরে গেছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি স্টেশন অফিসার মো. ফজলুল হক জানান, অপহরণ বা জেলেদের ফিরে আসার বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
অন্যদিকে, বনবিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবনের নোটাবেঁকী টহল ফাঁড়ি সংলগ্ন অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মধু সংগ্রহের অভিযোগে সাত সদস্যের একটি মৌয়াল দলকে আটক করা হয়েছে। তবে নেটওয়ার্ক সমস্যার কারণে আটক ব্যক্তিদের বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।