প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ১১:৩২ এএম (ভিজিট : ২৪)

X
সংগৃহীত ছবি
দীর্ঘ ১৬ বছর বিরতির পর আবারও নাট্যরচনায় ফিরলেন এক সময়ের জনপ্রিয় নাট্যকার অনিকেত। তার লেখা নতুন ধারাবাহিক নাটক ‘কিচেন পলিটিক্স’ প্রচার শুরু হয়েছে বৈশাখী টেলিভিশনে। বৈশাখী টিভির প্রযোজনায় নাটকটি পরিচালনা করেছেন সাঈদ রিংকু। নাটকটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। ব্যবস্থাপনায় ছিলেন ডেপুটি হেড অব প্রোগ্রাম লিটু সোলায়মান।
নাটকটিতে অভিনয় করেছেন দিলারা জামান, মাসুম বাসার, মিলি বাসার, নাবিলা ইসলাম, জয়রাজ, একে আজাদ সেতু, পূর্ণিমা বৃষ্টি, দোলন দে, তানহা ইয়াসমিন, সাদিয়া তানজিম, শিবলী নোমান, ঈষিকা সাকিন, মীর নওফেল আশরাফী জিসান, মিলু চৌধুরী, মোস্তফা রতন, নাসরিন অনু, শাহজাদা সম্রাটসহ আরও অনেকে।
নাট্যকার অনিকেত জানান, ‘কিচেন পলিটিক্স’ একটি সামাজিক ব্যঙ্গধর্মী (স্যাটায়ার) গল্প, যেখানে একটি একান্নবর্তী পরিবারের ভেতরের সম্পর্ক, দ্বন্দ্ব ও কৌশলী মানসিকতার নানা দিক তুলে ধরা হয়েছে। পরিবারের এক সদস্য মুন্নির নানা ষড়যন্ত্র ও উসকানিতে সংসারে তৈরি হয় অশান্তি, আর সেই দ্বন্দ্ব-সংঘাতকে ঘিরেই এগিয়ে চলে কাহিনি।
তিনি আরও বলেন, প্রতিটি পর্বে থাকবে নতুন মোড়, টানাপোড়েন ও হাস্যরসের মিশেলে উপস্থাপিত নানা ঘটনা, যা দর্শকদের আকর্ষণ করবে।
উল্লেখ্য, অনিকেত ২০০১ সালে দেশে ফিরে টেলিভিশনের জন্য নাটক লেখা শুরু করেন এবং ২০১০ সাল পর্যন্ত অসংখ্য জনপ্রিয় একক নাটক, টেলিফিল্ম ও ধারাবাহিক রচনা করেন। পরে ব্যক্তিগত কারণে নাটক লেখা থেকে বিরতি নেন। দীর্ঘ বিরতির পর স্ত্রীর অনুপ্রেরণায় তিনি আবারও নাট্যরচনায় ফিরলেন।