প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৭:৪৬ পিএম (ভিজিট : ৫৭)

X
মোছাঃ নুরজাহান পারভীন
নারীদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা বিস্তার এবং কর্মমুখী উদ্যোগ গড়ে তুলতে নীলফামারীর ডিমলা উপজেলায় দীর্ঘদিন ধরে নিরলস কাজ করে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের (বিএনপি) ডিমলা উপজেলা শাখার সভানেত্রী, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের কর্মচারী ইউনিয়নের (বি-১৯২৫) জেলা শাখার সভানেত্রী ও কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ নুরজাহান পারভীন।
সরেজমিনে জানা যায়, তিনি একজন বিআরডিবির মাঠ সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার তত্ত্বাবধানে বর্তমানে ৪২টি সংগঠন সক্রিয় রয়েছে, যেগুলো ১৯৯৪ সাল থেকে নিয়মিতভাবে পরিচালিত হয়ে আসছে। এসব সংগঠনের মাধ্যমে স্বাস্থ্য, পুষ্টি, পরিবার পরিকল্পনা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হচ্ছে।
এছাড়াও তিনি গাভী পালন, পোল্ট্রি খামার, হস্তশিল্প, দর্জি প্রশিক্ষণ, ক্ষুদ্র ব্যবসা, ব্লক ও বাটিক কাজসহ বিভিন্ন আয়বর্ধক কার্যক্রমে নারীদের সম্পৃক্ত করছেন। বাল্যবিবাহ ও বহুবিবাহ প্রতিরোধ, ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় স্কুলমুখী করা এবং নারীদের ক্ষুদ্রঋণের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রেও তার উদ্যোগ প্রশংসনীয়।
রাজনৈতিক জীবন নিয়েও তিনি কথা বলেন। তিনি দাবি করেন, প্রতিকূল রাজনৈতিক পরিবেশেও তিনি দলের জন্য কাজ করে গেছেন। বিশেষ করে ২০১৪ সালের নির্বাচনকে কেন্দ্র করে আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের কথাও তুলে ধরেন তিনি।
তিনি আরও বলেন, নীলফামারী জেলার মানুষ এখনো নানা সমস্যায় জর্জরিত। কর্মসংস্থানের অভাবে অনেকেই ঢাকাসহ বিভিন্ন জেলায় পাড়ি জমাচ্ছেন। উন্নত চিকিৎসা ও শিক্ষার সুযোগও সীমিত। তাই জেলার উন্নয়নে কার্যকর ও দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণ জরুরি বলে মনে করেন তিনি। শেষে তিনি নীলফামারীর মানুষের উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সংশ্লিষ্ট মহলের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।